প্রাচীর ভেঙে গণপূর্তের সম্পত্তি দখলের চেষ্টা
বরিশালে গণপূর্ত বিভাগের সম্পত্তি অবৈধভাবে দখলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ১৬ জনের একটি তালিকাসহ কোতোয়ালি মডেল থানায় এ অভিযোগ করেন বরিশালের উপবিভাগীয় প্রকৌশলী বরুণ কুমার বিশ্বাস।বরিশাল বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, নগরের বান্দ রোড এলাকায় গণপূর্ত বিভাগের গুদামসংলগ্ন এলাকায় বেশ কিছু লোক গুদামের সীমানাপ্রাচীর ভেঙে স্থাপনা নির্মাণের চেষ্টা করে। পুলিশ এলে তারা সটকে পড়ে। পরে পুলিশ চলে গেলে আবার কাজ শুরু করে। ১৬ জন দখলকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ থানায় মামলা হিসেবে রেকর্ড হয়নি।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. মতিয়ার রহমান জানান, এ ব্যাপারে উপপুলিশ পরিদর্শক হেলালুজ্জামানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। সঠিক তথ্য জানার পর ব্যবস্থা নেওয়া হবে।সরেজমিনে গত শুক্রবার বিকেলে দেখা গেছে, গুদামের প্রায় ২০০ ফুট প্রাচীর ভেঙে ফেলা হয়েছে। প্রাচীরের ভেতরের অংশে ৩০ ফুট দখল করে স্থাপনার নির্মাণকাজ চলছে। দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, মূল প্রাচীরের বাইরের কিছু অংশ এক বছরের জন্য ইজারা দেওয়া হয়। ২০০৮ সালে ওই ইজারার মেয়াদ শেষ হলে আর নবায়ন করা হয়নি। কিছু দিন আগে সিটি করপোরেশন সড়ক প্রশস্তকরণের কাজ শুরু করে। এ কারণে গণপূর্ত বিভাগের ওই সম্পত্তি সড়কে চলে যায়। এ সুযোগে ব্যবসায়ীরা গণপূর্ত বিভাগের প্রচীর ভেঙে সেখানে স্থাপনা গড়ার চেষ্টা চালান।১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ টি এম শহীদুল্লাহ কবির বলেন, ‘গণপূর্ত বিভাগের জমি ইজারা নিয়ে কিছু ব্যবসায়ী ব্যবসা করছি।’ বর্তমানে ওই ইজারা বাতিল হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপির ব্যবসায়ীরা মিলে এ স্থাপনা নির্মাণের উদ্যোগ নেন। মহানগর আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন আহমেঞ্চদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে চাননি। বরুণ কুমার বিশ্বাস জানান, গণপূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত কিছু কর্মচারীর সঙ্গে যোগসাজশে ১৬ জন ব্যবসায়ী অবৈধভাবে প্রাচীর ভেঙে সম্পত্তি দখল করেন।