
বরিশাল সরকারি মহিলা কলেজের সীমানাপ্রাচীর ভেঙে সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। না জানিয়ে ছাত্রীনিবাসের পেছনের প্রাচীর ভাঙা হয়েছে। এতে ছাত্রীনিবাসের তিন শতাধিক শিক্ষার্থী নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।
অনুমতি না নিয়ে কাজ করতে গেলে বাঁধা দেয় কলেজ কর্তৃপক্ষ। ক্ষিপ্ত হয়ে ঠিকাদার শিক্ষকদের গালাগাল দেন বলে অভিযোগ করেন তাঁরা। করপোরেশনের দাবি, সড়ক নির্মাণের পরিকল্পনা থাকলেও প্রকল্প নেওয়া হয়নি।
একাধিক শিক্ষক জানান, কয়েক দিন আগে ছাত্রীনিবাসের পেছনে গিয়ে দেখতে পান প্রাচীরের অনেকটা অংশ ভাঙা। তাঁরা বিষয়টি কলেজ অধ্যক্ষকে জানান। অধ্যক্ষ স্থানীয় কাউন্সিলরকে জানান। পরে জানতে পারেন, প্রাচীর ভেঙে বিকল্প সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। এ সময় নির্মাণকাজ বন্ধ করার জন্য অনুরোধ জানায় কলেজ কর্তৃপক্ষ। এতে ক্ষিপ্ত হয়ে যান ঠিকাদার জাকির সিকদার এবং নাসিরউদ্দিন। তাঁরা অকথ্য ভাষায় শিক্ষকদের গালমন্দ করেন। একপর্যায়ে সিটি মেয়র ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ করার নির্দেশ দেন। কিন্তু ওই নির্দেশ অমান্য করে কাজ চালিয়ে যান ঠিকাদাররা।
সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ জানায়, মহিলা কলেজের পেছন থেকে ফকিরবাড়ি রোডের সঙ্গে একটি বিকল্প সড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। তবে এ জন্য এখনো কোনো প্রকল্প নেওয়া হয়নি। মেয়র ওই এলাকা পরিদর্শন করেছেন। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে জায়গা পাওয়া গেলে প্রকল্প নেওয়া হবে। এ ব্যাপারে কাউন্সিলর আক্তারুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কলেজের অধ্যক্ষ এ কে এম এনায়েত হোসাইন বলেন, কোনো ধরনের অনুমতি না নিয়ে কলেজের ছাত্রীনিবাসের পেছনের প্রাচীর ভেঙে ফেলা হয়েছে। এখন শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রাচীর ভাঙায় বাঁধা দেওয়ায় কলেজের শিক্ষক মো. জামান মিয়া ও মাহতাব হোসেনকে গালাগাল করা হয়েছে।
নির্বাহী প্রকৌশলী মো. হুমায়ুন কবির বলেন, কে বা কারা কলেজের প্রাচীর ভেঙেছে বলতে পারব না। কলেজকে না জানিয়ে প্রাচীর ভাঙা সঠিক হয়নি।
১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আক্তারুজ্জামান বলেন, ফকিরবাড়ি সড়ক থেকে আগরপুর সড়কের সঙ্গে একটি বাইবাস সড়ক করার পরিকল্পনা করা হয়েছে। ওই পরিকল্পনার অংশ হিসেবে মহিলা কলেজের মধ্যে একটু জায়গা নেওয়া হয়েছে। তবে অধ্যক্ষর আপত্তির কারণে কাজ বন্ধ রয়েছে। মেয়র আসার পর আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। কলেজের অসুবিধা হলে সড়ক করা হবে না। তিনি আর বলেন, কলেজকে না জানিয়ে প্রাচীর ভাঙা হয়েছে—এমন নয়, মূলত মেয়র বলার কারণেই কাজ শুরু করা হয়েছিল।