প্রাচীর রক্ষার নামে ছড়ায় বক্স ড্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানাপ্রাচীর রক্ষা করতে গিয়ে এভাবেই ছড়ায় নির্মাণ করা হচ্ছে বক্স ড্রেন। গত শনিবার তোলা ছবি l প্রথম আলো
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানাপ্রাচীর রক্ষা করতে গিয়ে এভাবেই ছড়ায় নির্মাণ করা হচ্ছে বক্স ড্রেন। গত শনিবার তোলা ছবি l প্রথম আলো

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ছড়ায় বক্স ড্রেন করা হচ্ছে। ছড়ার ভাঙন থেকে সীমানাপ্রাচীর রক্ষা করতে গিয়ে এ ড্রেন করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এতে সীমানাপ্রাচীর রক্ষা পেলেও ছড়ার পানিপ্রবাহ স্বাভাবিক থাকবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন নগরবিদ ও পরিবেশবাদীরা।
বক্স ড্রেন হচ্ছে ছড়া বা ছোট খাল ঢালাই করে স্থায়ীভাবে ঢেকে দেওয়া। এতে ছড়া দিয়ে পানিপ্রবাহ সচল আছে কি না, তা দেখার উপায় থাকে না। আশির দশকে ‘তিলোত্তমা ঢাকা’ গড়ার লক্ষ্যে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল। কিন্তু তাতে খালও রক্ষা হয়নি, প্রকল্পের সুফলও আসেনি। এ কারণে এটি ‘সর্বনাশা’ প্রকল্প হিসেবে পরিচিতি পায়।

ছড়াটির উৎসমুখ। এর পাশেই বক্স ড্রেন নির্মাণ করা হচ্ছে
ছড়াটির উৎসমুখ। এর পাশেই বক্স ড্রেন নির্মাণ করা হচ্ছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর ও পরিবেশ প্রকৌশল বিভাগের অধ্যাপক মুশতাক আহমদ বলেন, একটি ছড়া বা নালা শুধু পানি বহন করে না, পানি শোষণও করে। ভূগর্ভস্থ পানির উচ্চতাকেও যথাযথ রাখে। ছড়া মুক্ত রাখতে ঝুঁকিপূর্ণ এলাকায় বড়জোর গার্ড ওয়াল দেওয়া যেতে পারে। কিন্তু এভাবে পাকা করলে ছড়ার ইকো-সিস্টেম একসময় ধ্বংস হয়ে যাবে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শরীফ জামিল বলেন, ঢাকাকে তিলোত্তমা নগর করতে একসময় একাধিক প্রাকৃতিক নালা ও খাল বক্স ড্রেন দিয়ে ঢেকে ফেলা হয়েছিল। এ কাজ করে ঢাকা এখন বিপদের সম্মুখীন। সেসব ড্রেন এখন ভাঙতেও পারছে না, আবার মুক্ত অবস্থায়ও ফিরতে পারছে না।
ওসমানী বিমানবন্দরের ৬৭৪ একর জায়গা সংরক্ষিত রাখতে চারদিকে সীমানাপ্রাচীর আছে। এর মধ্যে পূর্ব দিকে চা-বাগান থেকে একটি ছড়া রানওয়ের পাশ দিয়ে প্রবহমান। সেটি পূর্ব দিকের সীমানাপ্রাচীর ঘেঁষে আবার চা-বাগান হয়ে নগরে এসেছে। লাক্কাতুরা ও মালনীছড়া চা-বাগান হয়ে ছড়াটি সিলেটের সুরমা নদীতে গিয়ে মিলিত হয়েছে। বিমানবন্দরের অংশটি এ ছড়ার উৎসমুখ।
বিমানবন্দর সূত্র জানায়, পূর্ব ও পশ্চিম পাশের সীমানাপ্রাচীর বারবার ভেঙে যাওয়ায় নিরাপত্তাব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। প্রায় ২৪০ ফুট অংশ প্রতিবছর বর্ষায় ভাঙে, নয়তো ধসে পড়ে। এর কারণ পাশ দিয়ে প্রবহমান ছড়া।
সরেজমিনে দেখা গেছে, ঝুঁকিপূর্ণ ২৪০ ফুট সীমানাপ্রাচীর রক্ষায় ১২০ ফুট অংশ পুনর্নির্মাণ করে পাশে ১২০ ফুট দীর্ঘ ছড়ায় বক্স ড্রেন তৈরি করা হচ্ছে। ‘ইউনিকিয়ান ট্রেডিং’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ করছে। বক্স ড্রেন হলে ছড়ায় পানিপ্রবাহ স্বাভাবিক থাকবে কি না, তা নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানটিও সন্দিহান।
স্থানীয় কজন ব্যক্তি জানান, বিমানবন্দর পার্শ্ববর্তী চা-বাগানের টিলার ও একটি বিলের পানি ছড়াটি দিয়ে প্রবাহিত হয়। উৎসমুখ থেকে মাঝপথে ছড়ার পানিপ্রবাহ ব্যাহত হলে ছড়া আর সচল থাকবে না। তাঁরা বলেন, ১৯৯৩ সালে বিমানবন্দরের রানওয়ে সংস্কারের সময় ছড়াটি সচল রাখতে একাংশে সেতু তৈরি করা হয়েছিল। সীমানাপ্রাচীর রক্ষায় ছড়ার বড় অংশ বক্স ড্রেন দিয়ে ঢেকে ফেলা ছড়া হত্যারই শামিল।
বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন বলেন, সংরক্ষিত এলাকার নিরাপত্তায় এ কাজ হচ্ছে। সীমানাপ্রাচীর ভেঙে যাওয়াও একটি কারণ।
সিলেট নগরের চৌহাট্টা থেকে রিকাবিবাজার পর্যন্ত ভিআইপি সড়কের এক পাশ দিয়ে প্রবাহিত মঙ্গলী ছড়ার ৭০০ মিটার অংশে পরীক্ষামূলক বক্স ড্রেন প্রকল্প শুরু করেছিল সিটি করপোরেশন। গত বছরের ৩০ সেপ্টেম্বর শুরু হওয়া এ কাজ এখনো শেষ হয়নি। এ নিয়ে গত বছরের ১৪ নভেম্বর প্রথম আলোয় ‘সর্বনাশা বক্স ড্রেন প্রকল্প’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়েছিল।