প্রাচীরে ম্লান হওয়ার আশঙ্কা বিজয়-৭১ ভাস্কর্যের সৌন্দর্য

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য বিজয়-৭১ দেখতে প্রতিদিন অগণিত মানুষ ভিড় জমায়।
এই ভাস্কর্য ক্যাম্পাসের সৌন্দর্যও বাড়িয়ে দিয়েছে অনেক। সীমানাপ্রাচীর না থাকায় অনেক দূর থেকে এর সৌন্দর্য উপভোগ করা যায়। কিন্তু বর্তমানে ভাস্কর্যটি ঘিরে তৈরি হচ্ছে সীমানাপ্রাচীর। এতে ভাস্কর্যটির সৌন্দর্য আবদ্ধ হয়ে পড়ার আশঙ্কা করছেন শিক্ষক, শিক্ষার্থী ও দর্শনার্থীরা।
ক্যাম্পাসে বেড়াতে এসে ভাস্কর্যটি দেখে শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধের ইতিহাস শোনান মা-বাবা। কিছুদিন আগেও এই ভাস্কর্যের পাদদেশেই তৈরি হয়েছিল গণজাগরণ মঞ্চ। চত্বরের খোলামেলা পরিবেশে চলে শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ড। গল্প, গান, কবিতা, আড্ডায় মুখর থাকে ভাস্কর্য এলাকা। কয়েকজন শিক্ষার্থী বলেন, কাছের চেয়ে দূর থেকে দেখলেই ভাস্কর্যটির সৌন্দর্য বেশি চোখে পড়ে। কিন্তু ভাস্কর্যটি ঘিরে প্রাচীর তোলা হলে দূর থেকে আর হয়তো এ সৌন্দর্য উপভোগ করা যাবে না।
সরেজমিনে গত শনিবার বিকেলে দেখা যায়, ভাস্কর্যের পশ্চিম দিকে বেশ কয়েকটি গর্ত করা হয়েছে। রড, বালু, সিমেন্ট দিয়ে চলছে ঢালাইয়ের কাজ। প্রশাসনের এ ধরনের উদ্যোগে ক্ষুব্ধ হয়ে উঠেছেন শিক্ষক, শিক্ষার্থী, দর্শনার্থীরা। সামজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এ নিয়ে সমালোচনা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী লিখেছেন, ‘বিজয়-৭১ আমাদের স্বাধীনতার চেতনা। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই চেতনাকে দেয়ালবন্দী করার পাঁয়তারা করছে।’
কাজটি তদারক করছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক বিভাগ। ছাত্রবিষয়ক উপদেষ্টা জহিরুল হক খন্দকার বলেন, সীমানাপ্রাচীর বলতে এক ফুট ইটের দেয়ালের ওপর গ্রিল দেওয়ার কথা ছিল। অনেকেই এর সমালোচনা করায় আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। ভাস্কর শ্যামল চৌধুরীর তত্ত্বাবধানে ১৯৯৮ সালে ভাস্কর্যটি নির্মাণ করা হয়। ২৪ লাখ টাকা ব্যয়ে ২০০০ সালের জুনে এর নির্মাণকাজ শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে সগৌরবে দাঁড়িয়ে আছে এটি। ছয় ফুট বেদির ওপর রয়েছে একজন নারী, একজন কৃষক ও একজন ছাত্র মুক্তিযোদ্ধার ভাস্কর্য; যা দর্শনার্থীদের মুক্তিযুদ্ধে বাংলার আপামর জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামের কথা মনে করিয়ে দেয়। কৃষক মুক্তিযোদ্ধার হাতে শোভা পাচ্ছে লাল-সবুজ পতাকা। তার ডানে সংগ্রামী এক নারীর প্রতিচ্ছবি। আর ছাত্রের ডান হাতে গ্রেনেড, বাঁ হাতে বন্দুক।