প্রাচ্য-পাশ্চাত্যের সংগীতের অনন্য সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ধা ধিন ধিন ধা’, ‘ধা তেরে কেটে তা’ দিয়ে যে কোনো একটা কিছু বর্ণনা করা যায়, গল্প করা যায়, তা উপস্থিত দর্শক ভালোভাবেই অনুভব করতে পেরেছেন। প্রায় দুই ঘণ্টার জন্য কয়েক শ শ্রোতা-দর্শককে মন্ত্রমুগ্ধ করে রাখাই নয়, বাদ্যযন্ত্রের তালে ও ছন্দে এক অনির্বচনীয় আবহ সৃষ্টি করেছিলেন তিন শিল্পী—কালজয়ী তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন, গ্র্যামিজয়ী ব্যানজোবাদক বেলা ফ্লেক এবং আরেক গ্র্যামিজয়ী ডাবল বেজবাদক ও সুরস্রষ্টা এডগার মেয়ার।ভারতীয় উচ্চাঙ্গসংগীতের খ্যাতিমান তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন গতকাল তাঁর জাদুকরি বাদনে মুগ্ধ করলেন ঢাকার দর্শকদের। তাঁর সঙ্গে ছিলেন ১৪ বার বিভিন্ন ধারার সংগীতে গ্র্যামিজয়ী ব্যানজোবাদক বেলা ফ্লেক এবং আরেক গ্র্যামিজয়ী ডাবল বেজবাদক ও সুরস্রষ্টা এডগার মেয়ার। তাঁদের সঙ্গে বাঁশিতে সহযোগিতা করেন রাকেশ চৌরাসিয়া। ব্লুস কমিউনিকেশনস ও বেঙ্গল মিউজিক কোম্পানি লিমিটেডের আয়োজনে গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই ত্রয়ীর পরিবেশনা সংগীতানুরাগীদের জন্য ছিল এক অনন্য অভিজ্ঞতা।আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই তিন সংগীতজ্ঞ আয়োজনের মুখ্য হলেও অনুষ্ঠানের শুরুতে দর্শক-শ্রোতাদের মধ্যে মুগ্ধতা ছড়িয়েছেন বাংলাদেশের শিল্পী চন্দনা মজুমদার, অদিতি মহসিন, শারমিন সাথী ইসলাম, অর্ণব, শোয়েব ও লাবিক কামাল। সংগীত পরিবেশনার শুরুতে দর্শকদের স্বাগত জানান বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের।রাত আটটা ২৫ মিনিটে মঞ্চে এসে দাঁড়িয়েছিলেন ওস্তাদ জাকির হোসেন। করতালি, অভিনন্দনের পালা শেষ হলে ধ্যানমগ্ন ঋষির মতো প্রিয় বাদ্যযন্ত্রটির সামনে বসলেন। দর্শকদের উদ্দেশে তাঁর প্রথম কথাটি ছিল, ‘কি অবস্থা, কেমন আছেন?’ প্রাচ্য ও পাশ্চাত্যের সংগীতের এই মিলনে দর্শকদের মন্ত্রমুগ্ধই করে রাখলেন ওস্তাদজি ও সহশিল্পীরা।