চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যভাষা বিভাগের পালি ও সংস্কৃত বিষয়ের দুজন শিক্ষক নির্ধারিত সময়ে প্রশ্নপত্র জমা দেননি। এ কারণে বিভাগের চার শিক্ষাবর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ইতিমধ্যে সম্মান প্রথম শ্রেণী ও স্নাতকোত্তর শ্রেণীর পরীক্ষা পিছিয়ে গেছে। একই কারণে আরও ছয়টি শিক্ষাবর্ষের পরীক্ষা পিছিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।বিভাগের সভাপতি জ্ঞান রত্ন শ্রমণ প্রথম আলোকে জানান, সংস্কৃত বিষয়ের দুই শিক্ষক শান্তি রানী হাওলাদার এবং সুপ্তিকণা মজুমদার পরীক্ষার প্রশ্নপত্র জমা দেননি। তাই পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।সুপ্তিকণা মজুমদার দাবি করেন, ‘বিভাগের সভাপতি সংখ্যাগরিষ্ঠতার জোরে আমাদের মতামতের তোয়াক্কা করছেন না। তাই পরীক্ষা কমিটির বৈঠকে যাচ্ছি না, প্রশ্নপত্রও জমা দিচ্ছি না। পরীক্ষা কমিটিগুলো নতুন করে পুনর্গঠন করা হলে অবশ্যই যাব।’ তবে সভাপতি তাঁর অভিযোগ অস্বীকার করেছেন। শান্তি রানী হাওলাদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রশ্নপত্র জমা দেওয়ার ব্যাপারে কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. আলাউদ্দিন প্রথম আলোকে জানান, কয়েকজন শিক্ষকের একগুঁয়েমির কারণে প্রাচ্যভাষা বিভাগে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। শিগগিরই সমস্যার সমাধান করা হবে।প্রসঙ্গত, প্রাচ্যভাষা বিভাগে পালি ও সংস্কৃত দুই বিষয়ে আলাদা শিক্ষার্থী ভর্তি করা হয়। দুই বিষয়ের সব কার্যক্রমও আলাদা পরিচালিত হয়। তবে বিভাগীয় প্রধান একজন। একটি স্বতন্ত্র বিভাগের দাবিতে সংস্কৃত বিষয়ের শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন।বিভাগ সূত্রে জানা গেছে, ১৫ ডিসেম্বর প্রথম বর্ষের পরীক্ষা শুরুর সময়সূচি নির্ধারিত ছিল। স্নাতকোত্তর শ্রেণীর পরীক্ষা শুরুর কথা ছিল ২৭ ডিসেম্বর। আর চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরুর সময়সূচি ঘোষণা করা হয় ২০ জানুয়ারি। দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে। প্রশাসন সূত্র জানায়, ২০০৯ সালের ১৬ আগস্ট বিভাগের একাডেমিক কমিটির বৈঠকে চারটি স্নাতক ও একটি স্নাতকোত্তর শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য আলাদা কমিটি গঠন করা হয়। কিন্তু গত ২৬ জুন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাদেশ-বহির্ভূত আখ্যা দিয়ে কমিটিগুলো বাতিল করেন। বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের ২৪ ধারা অনুযায়ী প্রতি শিক্ষাবর্ষের জন্য কেবল একটি পরীক্ষা কমিটি গঠনের নিয়ম রয়েছে। বিষয়টি স্বীকার করেন বিভাগের সভাপতি জ্ঞান রত্ন শ্রমণ।বিভাগের শিক্ষার্থীরা বলেন, তাঁরা নির্ধারিত সময়ই কোর্স সম্পন্ন করতে চান। আর সেশনজটের অভিশাপের মুখোমুখি হতে চান না।স্বতন্ত্র বিভাগের দাবিতে মানববন্ধন: সংস্কৃত বিষয়ের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিভাগের দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে প্রাচ্যভাষা বিভাগের সামনে মানববন্ধন করেছেন। শিক্ষার্থীরা বলেন, স্বতন্ত্র বিভাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে তিন দিন ধরে সংস্কৃত বিষয়ে কোনো ক্লাস-পরীক্ষা হচ্ছে না।