নাটোরের প্রাণ অ্যাগ্রো লিমিটেডের কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও কারখানা ভাঙচুরের পর কর্তৃপক্ষের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে কর্তৃপক্ষ ও স্থানীয় সাংসদের দুই দফা বৈঠক হয়েছে। বৈঠক শেষে বিকেলে এক সংবাদ সম্মেলনে শ্রমিকদের বিদ্যমান বেতন-ভাতা কমানো হবে না এবং যান্ত্রিক ত্রুটির কারণে যে পরিমাণ বেতন-ভাতা কম সরবরাহ হয়েছে, তা পূরণ করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
গতকাল বেলা সাড়ে তিনটায় শহরের সিসিলি চাইনিজ রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাণের মিডিয়া প্রধান সুজন মাহমুদ এ ঘটনায় সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন, শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে। কিছু সুযোগসন্ধানী মানুষ প্রাণের সুনাম ক্ষুণ্ন করতে এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় মোট ক্ষতি নিরূপণ সম্ভব হয়নি। তবে ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকার বেিশ হবে বলে ধারণা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে প্রাণ অ্যাগ্রো লিমিটেডের পরিচালক ইলিয়াস মৃধা বলেন, শ্রমিকদের বিদ্যমান বেতন-ভাতা কমানো হবে না। যান্ত্রিক ত্রুটির কারণে এ মাসের বেতন-ভাতা কিছুটা কম সরবরাহ করা হয়েছে। এ ক্ষতি পুষিয়ে নেওয়া হবে। তিনি শ্রমিকদের ও নাটোরবাসীকে শান্ত থাকার আহ্বান জানান।
এর আগে গত বুধবার বিকেলে বেতন-ভাতা ১০ শতাংশ কমানোর খবর ছড়িয়ে পড়লে দিনের পালার শ্রমিকেরা কারখানা ত্যাগ না করে জড়ো হতে থাকেন। পরে রাত নয়টায় রাতের পালার শ্রমিকসহ সম্মিলিতভাবে বিক্ষোভ করেন। এ সময় প্রাণের টেস্টিং ল্যাব, মেডিকেল সেন্টারসহ বিভিন্ন ইউনিটের দরজা-জানালা ভাঙচুর করা হয়। রাত সাড়ে ১১টার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। পরদিন বৃহস্পতিবার সকালে প্রায় তিন হাজার শ্রমিক ও কিছু বহিরাগত কারখানায় ঢুকে প্রশাসনিক ভবন ও কারখানায় ব্যাপক ভাঙচুর এবং লুটপাট করে। কিছু শ্রমিক কারখানার উৎপাদিত মালামাল, অফিসের কম্পিউটার, আসবাব ও টাকা লুটপাট করেন বলে অভিযোগ পাওয়া গেছে। দুপুরে নাটোর সদর আসনের সাংসদ শফিকুল ইসলাম কারখানায় গিয়ে কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে দুই দফা বৈঠক করেন। এ সময় ঢাকা থেকে ইলিয়াস মৃধাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নাটোরে পৌঁছালে তাঁরাও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।
প্রাণের নাটোর কারখানার উপমহাব্যবস্থাপক সারোয়ার হোসেন বলেন, প্রাণ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে বিক্ষুব্ধ শ্রমিকেরা গতকাল বেলা তিনটার দিকে কারখানা থেকে সরে গেছেন। যন্ত্রপাতি মেরামত করার পর কারখানা চালু করা হবে।
গতকাল রাত ১০টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানান সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম। তবে পুলিশ নিজ উদ্যোগে এ ব্যাপারে সাধারণ ডায়েরি (জিডি) করেছে।