প্রাণ কেড়ে নেওয়ার সব আয়োজন ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

• সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ১০ জন।
• সড়কের বিশৃঙ্খলা ঠিক করার কার্যকর কোনো ব্যবস্থা নেই।  
• বাসের গতি ছিল ঘণ্টায় ১০০ কিমি।
• বাসটির ফিটনেস ছিল না।

একটা সড়ক দুর্ঘটনার জন্য যত ধরনের বিশৃঙ্খলা, অনিয়ম ও অবহেলা থাকা দরকার, এর সবকিছুই ছিল নারায়ণগঞ্জের টিপুরদীতে। এর সঙ্গে যোগ হয়েছে বাসচালকের বেপরোয়া মনোভাব। যার ফল ১০ জন নিরীহ মানুষের প্রাণহানি।

যানবাহন, চালক, সড়ক ও সড়কের পারিপার্শ্বিক অবস্থা—এই চারটি বিষয়ের কোনো একটিতে ত্রুটি হলেই দুর্ঘটনা অনিবার্য। প্রথম আলোর অনুসন্ধান, প্রত্যক্ষদর্শীর বর্ণনা আর বিশেষজ্ঞ মত হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদীতে গত সোমবার ওই চারটি বিষয়ের তিনটিই ত্রুটিপূর্ণ ছিল।

দুর্ঘটনাকবলিত বাসটির চলাচলের উপযোগিতা (ফিটনেস) সনদ নেই। আইনে নিষেধ থাকা সত্ত্বেও চালক মুঠোফোনে কথা বলছিলেন এবং বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন। এই স্থানে সড়কে তেমন কোনো ত্রুটি নেই। তবে সড়কের পারিপার্শ্বিক পরিবেশ ঠিক ছিল না। অর্থাৎ মহাসড়কে ছোট ও অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ হলেও ওই স্থানে নিয়মিতই এসব যান চলছে। বেআইনি হলেও মহাসড়কে কনটেইনারবাহী ট্রেইলর, ট্রাক ও লরি দাঁড় করে রাখা হয়েছিল। এসব কারণেই মূলত দুর্ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীর বর্ণনামতে, সোমবার দুর্ঘটনাকবলিত সিডিএম ট্রাভেলসের বাসটির চালক প্রথমে একটি রিকশাকে ধাক্কা দেন। এরপর দ্রুতগতিতে পালাতে গিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কনটেইনারবাহী ট্রেইলরের ওপর তুলে দেন। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। নারী-শিশুসহ প্রাণ হারান ১০ জন। আহত হন আরও ২৬ জন। এর মধ্যে গুরুতর আহত ৪ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এঁদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

চালক বেপরোয়া

মোটরযান আইনে যানবাহন চালানোর সময় চালকের এয়ারফোনে গান শোনা কিংবা মুঠোফোনে কথা বলা নিষেধ। কিন্তু দুর্ঘটনাকবলিত বাসটির চালক মুঠোফোনে কথা বলছিলেন।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের দুজন প্রতিনিধি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঁরা হলেন সহকারী অধ্যাপক কাজী মো. সাইফুন নেওয়াজ ও প্রভাষক ইমরান উদ্দিন।

জানতে চাইলে কাজী সাইফুন নেওয়াজ প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পেছনে বেপরোয়া ওভারটেকিংকে (অন্য যানবাহনকে পাশ কাটিয়ে যাওয়া) প্রধান কারণ মনে করছেন তাঁরা। এর বাইরে আরও কিছু বিশৃঙ্খলা আছে। সেগুলো তাঁরা বিশ্লেষণ করে প্রতিবেদন তৈরি করবেন।

বুয়েটের প্রাথমিক অনুসন্ধান বলছে, দুর্ঘটনাকবলিত বাসটির সামনে একটি পিকআপ ছিল। আর পিকআপের সামনে ছিল লেগুনা। দ্রুতগতির বাসটি প্রথমে পিকআপকে হর্ন দিলে তা বাঁয়ে সরে গিয়ে জায়গা দেয়। তখনই সামনে পড়ে লেগুনা। এরপর বাসচালক লেগুনাকে পাশ কাটিয়ে বাঁয়ে বের হতে গিয়ে কনটেইনারবাহী ট্রেইলরকে আঘাত করেন। অর্থাৎ বাসচালক ইংরেজি বর্ণ ‘এস’ আকৃতিতে মুহূর্তের মধ্যে মোড় নিতে গিয়ে দুর্ঘটনায় পড়েন। দুর্ঘটনাকবলিত বাসটির ভাঙা কাচ ৫০-৬০ ফুট দূর পর্যন্ত ছড়িয়েছে। এ থেকে বোঝা যায়, এর গতি ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি ছিল।

২০১৫ সালে মহাসড়কে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার নির্ধারণ করে দেয় সড়ক পরিবহন মন্ত্রণালয়। কিন্তু তা মানেন না বেশির ভাগ চালক। ডিজেলচালিত যানবাহনে স্পিড গভর্নর নামে একটি ব্যবস্থা আছে। যার মাধ্যমে যানবাহনের নির্দিষ্ট গতিসীমা বেঁধে দেওয়া যায়। এই ব্যবস্থা চালু থাকলে চালক চাইলেও নির্ধারিত গতির বেশি তুলতে পারবেন না। কিন্তু প্রায় সব যানবাহনেই এই ব্যবস্থা অকেজো করে রাখা হয়েছে।

দুটি যানেরই ফিটনেস ছিল না

দুর্ঘটনাকবলিত বাসটির (ঢাকা মেট্রো-ব-১৪-০৮২৬) ফিটনেস সনদ হালনাগাদ নয়। ২০১৫ সালের পর বাসটির ফিটনেস সনদ যাচাই করা হয়নি। বাসটি নিবন্ধন নেওয়া হয় ২০০৪ সালে। অর্থাৎ বাসটির বয়স প্রায় ১৫ বছর। দুর্ঘটনার পর বিআরটিএ বাসটির নিবন্ধন স্থগিত করেছে। বাসটির মালিকানা উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের।

বিআরটিএর নথিতে বাসের মালিক উত্তরা ফাইন্যান্স হলেও সেখানে সর্বশেষ কর পরিশোধকারী একটি মুঠোফোন নম্বর রয়েছে। এই নম্বরে গতকাল ফোন করলে নিজেকে ইয়াছিন রানা বলে পরিচয় দেন এক ব্যক্তি। তিনি জানান, এই বাসটি তিনি আড়াই বছর আগে দালালের মাধ্যমে সিলেটের এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন। এর আগেও কয়েক দফা বাসটির মালিকানা বদল হয়েছে। কিন্তু সেটা বিআরটিএর নথিতে অন্তর্ভুক্ত করা হয়নি।

সিডিএম পরিবহনটি চালায় ঢাকা-চট্টগ্রাম বাস মালিক সমিতি। এখানে বিভিন্ন মালিকের গাড়ি সিডিএমের নামে চলে। সমিতির সহসধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটির মালিক কবীর হোসেন ভুঁইয়া। বাসটির চালক শিপনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

দুর্ঘটনাকবলিত বাসটি যে কনটেইনারবাহী ট্রেইলরকে আঘাত করে, সেটিরও ফিটনেস সনদ নেই। এটিরও ২০১৪ সাল থেকে ফিটনেস যাচাই করা হয়নি, পরিশোধ করা হয়নি কর। লরিটির মালিকানা আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসির।

আইন মানা হয় না

সড়ক দুর্ঘটনা রোধে ২০১৫ সালের ১ আগস্ট থেকে মহাসড়কে থ্রি হুইলার অটোরিকশা, অটো টেম্পো এবং অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করে সরকার। এরপর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ২২টি জাতীয় মহাসড়ক নির্দিষ্ট করে, যেখানে এসব যান চলাচল করতে পারবে না। এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কও রয়েছে।

গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা যায়, মহাসড়কের কাঁচপুর সেতু থেকে মেঘনা সেতু পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, লেগুনা ও নছিমন-করিমন চলছে। এর অনেকগুলো চলছে উল্টো পথে।

 ব্যস্ত সড়কে কোনো যানবাহন দাঁড় করিয়ে রাখা বেআইনি। গতকাল কাঁচপুর সেতু থেকে মেঘনা সেতু পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটারজুড়ে মহাসড়কের দুই পাশেই পণ্যবোঝাই ট্রাক, কনটেইনারবাহী ট্রেইলর ও লরি দাঁড় করিয়ে রাখতে দেখা যায়। এমনকি মহাসড়কের কামতাল পুলিশ ফাঁড়ির সামনেই পণ্যবোঝাই যানবাহন দাঁড়িয়ে ছিল।

মোটরযান আইনে বলা আছে, কোনো মোটরগাড়ির দায়িত্বে নিয়োজিত কোনো ব্যক্তি তার গাড়ি বা কনটেইনারবাহী ট্রেইলর রাস্তার ওপর এমনভাবে কিংবা এমন অবস্থায় কিংবা এমন পরিস্থিতিতে রাখতে পারবে না বা রাখার অনুমতি দেবে না, যাতে রাস্তা ব্যবহারকারী অন্যরা বিপদ বা বাধার সম্মুখীন হয়।

সোনারগাঁয়ের লেখক ও সাহিত্য নিকেতনের সভাপতি বাবুল মোশারফ প্রথম আলোকে বলেন, মহাসড়কে রিকশা চলে ভাবতেই অবাক লাগে। ফিটনেসবিহীন যানবাহন ও সড়কের ওপর গাড়ি রেখে দেওয়ার পরও পুলিশ কোনো ব্যবস্থা নেয় না। এতে বোঝা যায়, আইন অমান্যকারীদের সঙ্গে পুলিশের সখ্য রয়েছে।

অবশ্য গতকাল সড়ক ও জনপথ অধিদপ্তর এবং পুলিশ দুর্ঘটনাস্থলের আধা কিলোমিটার দূরে মহাসড়কের দুই পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। তবে দাঁড় করিয়ে রাখা পণ্যবোঝাই যানবাহন সরানো হয়নি।

জানতে চাইলে হাইওয়ে পুলিশের গাজীপুর জোনের পুলিশ সুপার (এসপি) শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, মহাসড়কের ওপর ট্রাক, লরি ও অন্যান্য ভারী যানবাহন দাঁড় করিয়ে রাখা বন্ধে স্থানীয় বিভিন্ন শিল্প গ্রুপকে চিঠি দেওয়া হবে। এরপর কেউ যানবাহন দাঁড় করিয়ে রাখলে ব্যবস্থা নেওয়া হবে। মহাসড়কে ছোট যান বন্ধে তাঁরা তৎপর আছেন বলে দাবি করেন তিনি।

টিপুরদী এলাকায় ২০০২ সালের ১৭ মার্চ কুমিল্লা থেকে ঢাকাগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় পড়লে ৮ জন প্রাণ হারিয়েছিলেন। নিহত ব্যক্তিদের মধ্যে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের যুগ্ম জজ সাবরিনা আহমেদ, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আতাউর রহমানের স্ত্রী রেহেনা সুলতানা, আইসিডিডিআরবির হিসাবরক্ষণ কর্মকর্তা ফরহাদ উদ্দিন ছিলেন।