প্রাণ গেল আরও তিনজনের
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় কক্সবাজারের রামুতে আহত নজির আহমদ (২৭) ও মনজুর আলম (৩৪) নামের দুই ব্যক্তি মারা গেছেন। আর নাটোরের বড়াইগ্রামে আহত হওয়ার পর মারা গেছেন সাহাবুল ইসলাম (২৪) নামের এক যুবক। এ নিয়ে গত ফেব্রুয়ারিতে তফসিল ঘোষণার পর ইউপি নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় প্রাণ গেল অন্তত ৯৯ জনের।
এ ছাড়া গত শনিবার থেকে গতকাল সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনকেন্দ্রিক সহিংসতা, অগ্নিসংযোগ ও হামলায় আহত হয়েছেন আরও শতাধিক। এর মধ্যে সিলেটের বালাগঞ্জ উপজেলায় সদর ইউপি নির্বাচনে ভোট না দেওয়ায় গত রোববার দুপুরে সত্বপুর গ্রামে হিন্দুপাড়ায় হামলা ও ভাঙচুরে ১০ জন এবং গত শনিবার মানিকগঞ্জের সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের ভগবানপুর গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলায় এক নারীসহ ছয়জন আহত হয়েছেন।
ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
কক্সবাজার: নিহত নজির আহমদ রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের কাহাতিয়াপাড়ার মৃত বদিউর রহমানের ছেলে। আর মনজুর আলম একই উপজেলার গর্জনিয়া ইউনিয়নের স্কুলমুরা গ্রামের মৃত মো. হোসনের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাহাতিয়াপাড়ায় বিএনপির চেয়ারম্যান প্রার্থী আবদুল করিম ও দলের বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪২ জন আহত হন। এ ঘটনায় গুরুতর আহত নজির রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্যদিকে গত শুক্রবার দিবাগত মধ্যরাতে গর্জনিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী তৈয়ব উল্লাহ চৌধুরীর বাড়িতে দুর্বৃত্তদের হামলায় মনজুরসহ অন্তত সাতজন আহত হন। গত রোববার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মনজুর মারা যান।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর প্রথম আলোকেবলেন, ‘নজিরের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। পুলিশ এ পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করেছে। আর আহত মনজুর নিহত হয়েছেন বলে খ
বর পেয়েছি। কিন্তু এখন পর্যন্ত তাঁর লাশ রামুতে আনা হয়নি।’
নাটোর: নিহত সাহাবুল ইসলাম বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা গ্রামের আলীমুদ্দিনের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, শনিবার রাতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হকের সমর্থকদের হামলায় বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদের কর্মী সাহাবুল গুরুতর আহত হন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে তাঁর মৃত্যু হয়।
সিলেট: ইউপি নির্বাচনে ভোট না দেওয়ায় বালাগঞ্জের সত্বপুর গ্রামের হিন্দুপাড়ায় পরাজিত বিএনপির প্রার্থী শেখ জামাল আহমদের সমর্থকেরা হামলা ও ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, গত শনিবার বালাগঞ্জ সদর ইউনিয়ন নির্বাচনে শেখ জামাল পরাজিত হন। রোববার দুপুরে তাঁর সমর্থকেরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সত্বপুর গ্রামের হিন্দুপাড়ায় হামলা ও ভাঙচুর চালান। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, হামলার ঘটনায় এখনো মামলা হয়নি। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে জামাল ও তাঁর মামাতো ভাই শাহীনকে আটক করেছে।
মানিকগঞ্জ: সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান (স্বতন্ত্র) প্রার্থী আনন্দ সাহা এবং তাঁর ছোট ভাই চন্দন সাহা (৪৫) ও ছেলে উৎপল সাহার (২৬) ওপর গতকাল দুপুরে ভাড়ারিয়া বাজার এলাকায় হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত চন্দন ও উৎপলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে শনিবার বিকেলে সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পরাজিত ওয়ার্ড সদস্য আবদুর রহমানের সমর্থকেরা ভগবানপুর গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে এক নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।
কুড়িগ্রাম: উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নাগড়াকুড়া বাজারে রোববার সন্ধ্যায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। থেতরাই ইউনিয়নের থেতরাই বাজারে একই দিন সকালে পরাজিত প্রার্থী নুরুন্নবী আজাদের ওপর প্রতিপক্ষের হামলায় নুরুন্নবীসহ তিনজন আহত হন। দলদলিয়া ইউনিয়নে পরাজিত দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে রোববার সন্ধ্যায় সংঘর্ষে অন্তত সাতজন আহত হন। পরে রাতে নিরাপত্তা বাহিনী ওই বাজারে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা করলে ব্যবসায়ীসহ প্রায় ২০ জন আহত হন।
ফরিদপুর: সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের শৈলডুবী গ্রামে রোববার রাতে সদস্য প্রার্থী মো. ছানোয়ার হোসেন ও তাঁর প্রতিদ্বন্দ্বী আবদুল মান্নান মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই নারীসহ উভয় পক্ষের ১২ জন আহত হন। একই ইউনিয়নের বাহিরদিয়া গ্রামে বিজয়ী সদস্য মঞ্জু মোল্লা ও পরাজিত প্রার্থী লুৎফর মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন।
শরীয়তপুর: আগামী শনিবারের ষষ্ঠ ধাপের নির্বাচনকে কেন্দ্র করে ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় আওয়ামী লীগের প্রার্থী দ্বীন মোহাম্মদ ও বিদ্রোহী প্রার্থী আমিন উদ্দিন ঢালির সমর্থকদের মধ্যে গতকাল সকালে সংঘর্ষে দুই সদস্য প্রার্থীসহ ২০ জন আহত হয়েছেন।
আক্কেলপুর(জয়পুরহাট): বদলগাছি উপজেলার কোলা ইউনিয়নের চকতাহের গ্রামে রোববার রাতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী গোলাম রব্বানীর গণসংযোগে আওয়ামী লীগের প্রার্থী আবু বক্কর সিদ্দিকের কর্মী-সমর্থকদের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে পরাজিত সদস্য প্রার্থী আওলাদ হোসেন, তাঁর স্ত্রী ও এক শিশুসহ সাতজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিজয়ী এমরান ও আওয়ামী লীগ নেতা আজিজ মোল্লার সমর্থকদের বিরুদ্ধে।
সৈয়দপুর (নীলফামারী): উপজেলার খাতামধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামে গতকাল বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী জুয়েল চৌধুরীর এক কর্মীর বাড়ি ও দোকানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুদ রানার সমর্থকদের হামলায় ছয়জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
নরসিংদী:সদর উপজেলার করিমপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় গতকাল দুপুরে বিজয়ী সদস্য আশরাফ উদ্দিনের সমর্থকদের বাড়ি ভাঙচুর ও লুটপাট চালিয়েছেন বলে পরাজিত মেম্বার প্রার্থী নুরুল ইসলামের সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
সাতকানিয়া (চট্টগ্রাম): উপজেলার সদর ইউনিয়নের ঠাকুরদিঘি এলাকায় রোববার রাতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হারুনুর রশিদের নির্বাচনী কার্যালয়ে দলের বিদ্রোহী প্রার্থী নেজাম উদ্দিনের সমর্থকেরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন নেজাম উদ্দিন।