তিন জেলায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে টাঙ্গাইল, পঞ্চগড় ও হবিগঞ্জে।
এ নিয়ে গত ২৮ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে ২৭১ জন। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো খবর:
টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শুভুল্যা এলাকায় গতকাল বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাকসুদা খাতুন (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি রংপুর সদর উপজেলার গণেশপুর এলাকার মোকছেদ আলীর স্ত্রী। গতকাল দুপুরে রংপুরগামী এবি এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের যাত্রী মাকসুদা ঘটনাস্থলেই মারা যান এবং কমপক্ষে ১২ জন যাত্রী আহত হন। আহত যাত্রীদের মধ্যে চারজন কুমুদিনী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় মির্জাপুর থানায় মামলা হয়েছে।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ বাজার-সংলগ্ন রাস্তায় গতকাল বিকেলে ট্রাক্টর একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মো. জাকারিয়া হোসেন (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হন মোটরসাইকেলের অপর আরোহী আব্দুল খালেক (২৫)। তাঁকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত জাকারিয়া বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের চিলাপাড়ার বাচ্চা মিয়ার ছেলে। সে ভাউলাগঞ্জ হাজী আজাহার উদ্দীন উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিতলায় গতকাল সন্ধ্যায় বাসের ধাক্কায় আবু বক্কর (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। তিনি উপজেলার হরিতলা গ্রামের আয়ুব আলীর ছেলে।
ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকার সময় সিলেটগামী একটি বাস আবু বক্করকে ধাক্কা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হবিগঞ্জ সদর জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পুলিশ বাসটি আটক করতে পারেনি।