প্রাণ গেল আরও সাতজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক-মহাসড়কে দুর্ঘটনায় প্রাণহানি থামছেই না। ছয় জেলায় গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার বিকেল পর্যন্ত নিহত হয়েছেন আরও সাতজন। এর মধ্যে বগুড়ায় পুলিশের তাড়া খেয়ে পালানো বেপরোয়া গতির একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে পড়ে গিয়ে স্কুলবাসের চাপায় প্রাণ হারিয়েছেন একজন। এই জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও একজন। আর বিভিন্ন স্থানে পাঁচটি দুর্ঘটনাতেই যুক্ত ছিল মোটরসাইকেল।

বগুড়ার ঘটনা ছাড়া বাকি দুর্ঘটনাগুলো ঘটেছে কুষ্টিয়া, টাঙ্গাইল, শেরপুর, রাজবাড়ী ও জয়পুরহাটে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও পাঁচজন। এ নিয়ে গত শুক্রবার রাত থেকে গতকাল পর্যন্ত পাঁচ দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭৫ জনের।

ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

বগুড়ায় দুজন নিহত

প্রত্যক্ষদর্শীরা বলেন, বগুড়ার শাজাহানপুর উপজেলায় একটি সিএনজিচালিত অটোরিকশা গতকাল বেলা ১১টার দিকে শাজাহানপুর থানার সামনে পৌঁছালে তল্লাশিচৌকি থেকে পুলিশ থামার সংকেত দেয়। চালক তখনই অটোরিকশাটি দ্রুত ঘুরিয়ে ফেলার চেষ্টা করলে তাঁর পাশে বসে থাকা যাত্রী আবু সাঈদ (৩৫) সড়কের ওপর পড়ে যান। এ সময় বগুড়ার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটি শিক্ষার্থী বহনকারী বাস সাঈদকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। সাঈদ উপজেলার বড়পাথার গ্রামের বাসিন্দা।

শাজাহানপুর থানার উপপরিদর্শক কালাচাঁদ ঘোষ বলেন, অটোরিকশার চালকের ভুলেই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ব্যক্তির পরিবারকে ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে।

এ ছাড়া বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন কলেজছাত্র নিহত এবং তার এক সহপাঠী গুরুতর আহত হয়েছেন। হতাহতরা দুজনই মোটরসাইকেলের চালক-আরোহী এবং ডেমাজানি কমর উদ্দিন ইসলামিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী। গতকাল রাত ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে সাজাপুর টিএমএসএস সিএনজি স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্র মেহেদী হাসান (১৮) শাজাহানপুর উপজেলার তালপুকুর গ্রামের মোতাহার হোসেনের ছেলে।

নওগাঁয় মোটরসাইকেলের ধাক্কায় নিহত অটোরিকশা যাত্রী

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেছে, তিন কিশোর গতকাল বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নওগাঁর বদলগাছির উপজেলার দ্বীপগঞ্জ-কোলা সড়কের হলুদবিহারে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার তিন যাত্রী সড়কে পড়ে যান। তাঁদের মধ্যে ঘটনাস্থলেই প্রাণ হারান মোশারফ হোসেন (৪৮)। তিনি বদলগাছির তেঘরিয়া গ্রামের বাসিন্দা। এলাকাবাসী তিন কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে। বদলগাছি থানায় মামলা হয়েছে।

কুষ্টিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের মিরপুর উপজেলার নওদাপাড়ায় বিকেলে ট্রাকচাপায় পলাশ (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। পলাশ মিরপুর পৌরসভার হলপাড়ার পরশের ছেলে। পুলিশ ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছেন।

টাঙ্গাইলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিকেলে বাসচাপায় নাজমুল কবির (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। তাঁর বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের নওপাড়া গ্রামে। তিনি একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন। নাজমুলের সঙ্গে থাকা বন্ধু আসলামকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাস ও চালককে আটক করেছে।

শেরপুরে ট্রলিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নালিতাবাড়ী উপজেলার নালিতাবাড়ী বাজার জামে মসজিদের সামনের সড়কে গতকাল বিকেলে ট্রলিচাপায় মহিউদ্দিন আহমেদ (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। তিনি ভেদিকুড়া গ্রামের বাসিন্দা। ট্রলিচালক বজলুর রহমানকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রাজবাড়ীতে একজন নিহত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুরে মঙ্গলবার রাতে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে মোটরসাইকেল চালক ফজলুর রহমান গাজী (২৬) নিহত হন। তিনি উপজেলার শামুকখোলা গ্রামের আফসার আলীর ছেলে।