
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আরও ১৯ জনের। গত শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল শনিবার বিকেল পর্যন্ত ১৪ জেলায় ঘটেছে এসব দুর্ঘটনা। এ নিয়ে গত ১৬ দিনে সড়ক-মহাসড়কে প্রাণ হারালেন অন্তত ১৭২ জন।
এদিকে সড়ক দুর্ঘটনার বাসচালকের সাজার প্রতিবাদে এবার অচল করে দেওয়া হচ্ছে খুলনা বিভাগের ১০ জেলা। আজ রোববার সকাল থেকে ওই সব জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন-শ্রমিকেরা।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কক্সবাজারের চকরিয়ার গয়ালমারা এলাকায় গতকাল সকাল সাড়ে নয়টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তিরা হলেন ঢাকার রায়েরবাগের বাসিন্দা কুলসুমা আকতার (২৭), কুলসুমার বোন আয়েশা আকতার (২৫), গোলাম কিবরিয়া (৩৪) এবং বাসাবো এলাকার বাসিন্দা গাড়িচালক আমির হোসেন (৩৫)।
কুলসুমার স্বামী আসাদুজ্জামান বলেন, শুক্রবার রাতে মাইক্রোবাসে করে তাঁরা ১২ জন কক্সবাজারে বেড়ানোর জন্য রওনা দিয়েছিলেন।
একই দিন ভোরে কুয়াশার মধ্যে রামু উপজেলার নাদেরুজ্জামান উচ্চবিদ্যালয়ের সামনে পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছ ও পরে স্কুলের সীমানাপ্রাচীরে ধাক্কা দিলে দুজন নিহত হন। তাঁরা হলেন রামুর ফল ব্যবসায়ী মো. জয়নাল আবেদীন (২৪) এবং উখিয়ার বাসিন্দা ও ট্রাকচালকের সহকারী মো. তৈয়ব (২২)। ট্রাকটিতে থাকা অপর আরোহীর অবস্থা আশঙ্কাজনক।
টাঙ্গাইলের আশেকপুর এলাকায় গতকাল দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তেলবাহী ট্রাকের চাপায় অটোরিকশা আরোহী মা ও ছেলে নিহত এবং চারজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন সাফিয়া আক্তার (২১) ও তাঁর ছেলে সাখাওয়াত (৭ মাস)।
পটুয়াখালী-কুয়াকাটা সড়কের আউলিয়াপুর শরীফবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় গতকাল সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় পিকআপের চাকায় পিষ্ট হয়ে সাইফুল ইসলাম (৯) নামের এক ব্যক্তি ও তাঁর খালা আলেয়া বেগম (৪৫) নিহত হন।
পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের পেট্রলপাম্প এলাকায় পঞ্চগড়-দেবীগঞ্জ মহাসড়কে গতকাল ভোরে মনোয়ার হোসেন (৩৫) নামের এক মাইক্রোবাস আরোহী নিহত হয়েছেন। পঞ্চগড়ে আঞ্চলিক ইজতেমায় যাওয়ার পথে মাইক্রোবাসটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই মনোয়ার মারা যান। গুরুতর আহত হন চালকসহ চারজন।
দিনাজপুর-দশমাইল সড়কের জামতলী এলাকায় গতকাল সকালে একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে রফিকুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তি নিহত ও মো. মজিবর রহমান নামের আরেকজন আহত হন। তাঁরা মোটরসাইকেলটিতে চড়ে নিজ শিক্ষাপ্রতিষ্ঠান নশিপুর হাইস্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিলেন।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার তিলকচাঁদপুর চৌরাস্তা মোড় এলাকায় নসিমনের চাপায় গতকাল দুপুরে নাসিমা আক্তার (২০) নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হন। তিনি স্থানীয় মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের ছাত্রী। বিক্ষুব্ধ লোকজন নসিমনটি পুড়িয়ে দেয়।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় গতকাল সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের স্লুইসগেট এলাকায় ট্রাকচাপায় রেজাউল ইসলাম (৩৫) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
বগুড়ার ধুনট-মথুরাপুর সড়কের চান্দিয়ার এলাকায় গতকাল দুপুরে ভটভটি ও ট্রলির সংঘর্ষে আবুল কালাম সরকার (৪৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
ঝিনাইদহ শহর থেকে গতকাল সকালে চুয়াডাঙ্গায় মোটরসাইকেলে যাওয়ার পথে গাছের সঙ্গে ধাক্কা লেগে নিহত হয়েছেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক এহতেশামুল হক। আহত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলম। ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
যশোরের অভয়নগর উপজেলার রাজঘাটে যশোর-খুলনা মহাসড়কে গতকাল বিকেলে ট্যাংকলরির চাপায় ইমদাদুল হক রিমন (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। সে নওয়াপাড়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ব-বিল এলাকায় শুক্রবার রাতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে সানোয়ার হোসেন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
১০ জেলায় ধর্মঘটের ডাক
খুলনা বিভাগের ১০ জেলায় আজ থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। ২০১১ সালে মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় গত বুধবার বাসচালক জামির হোসেনকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে এ ধর্মঘট ডাকা হয়েছে। জামিরের মুক্তির দাবিতে ওই দিন থেকেই চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়। আজ থেকে আরও যে ৯ জেলায় ধর্মঘট শুরু হচ্ছে সেগুলো হলো খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর ও কুষ্টিয়া।
গতকাল দুপুরে যশোর শহরের চাঁচড়া মোড়ে শ্রমিক ভবনে অনুষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সভা থেকে খুলনা বিভাগে ধর্মঘট কর্মসূচির ঘোষণা করা হয়।