প্রাণ গেল ছাত্রের
কুড়িগ্রামে ছাত্রদলের প্রতিনিধি সম্মেলনে গিয়ে প্রাণ দিতে হলো সফিক হাসান নামের এক কলেজছাত্রকে। গত ১১ দিন চিকিৎসাধীন থাকার পর গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়।
কুড়িগ্রাম টাউন হলে গত ২৫ সেপ্টেম্বর জেলা ছাত্রদলের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে ছাত্রদলের বিবদমান দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ১০ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে সফিক হাসানসহ ছাত্রদলের তিন নেতা-কর্মীকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসানের অবস্থার আবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই দিনই সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) আসন খালি না থাকায় ২৬ সেপ্টেম্বর তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গত শনিবার তাকে আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই দিন সন্ধ্যায় সেখানে হাসান মারা যায়।
সফিক হাসানের বাড়ি চিলমারীর রমনা ইউনিয়নের তেলীপাড়া গ্রামে। তার বাবা সোবাহান সরকার চিলমারী তহশিল অফিসের দলিল লেখক। দুই বোন ও তিন ভাইয়ের মধ্যে সে দ্বিতীয়। শফিক চিলমারী ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণীর প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।
শফিকের বাবা সোবাহান সরকার বলেন, ‘আমার ছেলে কোনো রাজনীতি করে না। বন্ধুরা তাকে ডেকে নিয়ে গিয়েছিল। জমি বন্ধক রেখে ছেলের চিকিৎসা করালাম, তাও তাকে বাঁচাতে পারলাম না।’