
অনেক কষ্টে জমানো টাকা আর ধারদেনা করে একটি বাস কিনেছিলেন চালক নজরুল ইসলাম। বাসের চাকা না ঘুরলে কোনো আয় নেই। ঋণের চাপে তাই হরতালেও গাড়ি নিয়ে বের হতে হয়েছিল তাঁকে। সেই তাঁকেই পুড়িয়ে মেরেছে হরতালকারীরা।গত বুধ ও বৃহস্পতিবার জামায়াতের ডাকা হরতালে নোয়াখালীর নজরুলসহ গায়ে আগুন লাগিয়ে দেওয়া তিন গাড়িচালকই একে একে হেরে গেছেন বেঁচে থাকার যুদ্ধে। বাকি দুজন হলেন বগুড়ার শামসুল ও শরীয়তপুরের সিকান্দার বেপারি। নৃশংস রাজনীতির শিকারে পরিণত হয়েছেন এই তিনজন খেটে খাওয়া মানুষ। মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর এ হরতাল ডাকা হয়।গত বুধবার হরতালের রাতে বগুড়ার শেরপুরে সারবোঝাই ট্রাকের চালক শামসুল ও সহকারী মো. শাহীনকে ভেতরে রেখেই আগুন ধরিয়ে দেন জামায়াত-শিবিরের কর্মীরা। চার দিন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে গত রোববার বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান শামসুল। সহকারী শাহীন এখনো বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ধুঁকছেন।একই রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রল ঢেলে ট্রাকসহ চালক সিকান্দার আলীর (৪২) গায়ে আগুন ধরিয়ে দেন জামায়াত-শিবিরের কর্মীরা। পাঁচ দিন পরে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে বার্ন ইউনিটে মারা যান সিকান্দার। হরতালের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর থেকে ছেড়ে আসা ভিআইপি পরিবহনের একটি বাস ভোগড়া বাইপাসে পৌঁছালে যাত্রীবেশে থাকা জামায়াত-শিবিরের কর্মীরা আগুন ধরিয়ে দেন। ঝলসে যায় বাসচালক নজরুলের শরীর। চার দিন পর গতকাল সোমবার সকাল ছয়টার দিকে মারা যান নজরুল।
গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজের মর্গে গিয়ে দেখা মেলে বাসচালক নজরুল আর ট্রাকচালক সিকান্দারের স্বজনদের। ময়নাতদন্ত শেষ করে মরদেহ গ্রহণের জন্য অপেক্ষা করছিল স্বজনেরা।
নজরুলের পাঁচ বছরের মেয়ে হায়াতুন্নেসা নিগার বসে ছিল মায়ের কোলে। সামনের পাটির চারটি দাঁত নেই। সেই ফাঁকা মাড়িতে আঙুল দিয়ে কৌতূহলী চোখে চারদিকে তাকাচ্ছিল নিগার। আর মা সাবিনা বিলাপ করে কাঁদছেন। এর মধ্যেই নথি তৈরিতে ব্যস্ত পুলিশ কর্মকর্তাদের প্রশ্নের জবাব দিতে হচ্ছে তাঁকে।
সাবিনা বলেন, ‘পাঁচ বছর আগে ছয় লাখ ট্যাকা দিয়া একটা ইসুজু বাস কিনছিল। সেই বাসে আরও ছয় লাখ টাকার যন্ত্রপাতি লাগছে। অর্ধেক টাকাই দেনা করছে। সেই দেনা এখনো শোধ হয়নি। স্ট্যান্ডে আইসা যাত্রী নামানো শ্যাষ না হইতেই বাঘের মতো দেনাদাররা আইসা ধরে। লোকটা পাগল হইয়া গেছিল। দেনার চাপে আর হরতাল দেহার টাইম ছিল না, সকালে গাড়িডা নিয়া বাইরাইছিল। কিছুক্ষণ পরেই আমারে ফোন দিয়া কয়, গাড়িত আগুন দিছে।’
কান্নায় ভেঙে পড়ে সাবিনা বলেন, ‘কসাই, একদম কসাইয়ের মতো মারছে তারা। হাতে-পায়ে ধরছে, মাইয়াগো দোহাই দিছে। হরতালে গাড়ি বাইর কইরা ভুল করছে হেই কথাও কইছে। তবু ছাড়ে নাই। ওরে যাইত্যা ধইরা আগুন ধরায়া দিছে গাড়ির মইদ্দে।’
বিলাপ করতে করতে সাবিনা বলেন, ‘আমার বড় মাইয়াডাই এখনো বাপের শোক বুজে না। ছোডডা তো এখনো দুধ খায়। আমি ক্যামনে এগো বড় করুম?’
গাজীপুরের বড়বাড়ী এলাকায় ভাড়াবাড়িতে পরিবার নিয়ে থাকতেন নজরুল। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিলে। সেখানেই তাঁকে দাফন করার জন্য নিয়ে গেছে স্বজনেরা।
ট্রাক থেকে নামিয়ে গায়ে আগুন: রাজধানীর শ্যামপুরে থেকে ট্রাক চালাতেন সিকান্দার আলী। ১১ বছরের মেয়ে আয়েশা আর ছয় বছরের ছেলে বিজয় শরীয়তপুরের জাজিরায় গ্রামের বাড়িতে মা রুমা আক্তারের সঙ্গে থাকে। হরতালের আগেই চট্টগ্রামের উদ্দেশে ট্রাক নিয়ে রওনা হয়েছিলেন। কিন্তু যানজটের কারণে কুমিল্লায় আটকে যান। বুধবার রাতে সেখান থেকে চট্টগ্রামের দিকে যেতেই আমজাদের বাজার মাদ্রাসার সামনে তাঁর গায়ে ও ট্রাকে আগুন দেন জামায়াত-শিবিরের কর্মীরা।
নিহতের ভাই আবুল হোসেন বলেন, গাড়িটা চট্টগ্রামের দিকে যাওয়ার সময় তাঁরা সিগন্যাল দিলে তিনি গাড়ি থামান। কিছু বুঝে ওঠার আগেই দরজা খুলে তাঁর কলার ধরেন জামায়াতের কর্মীরা। ট্রাকে থাকা সহকারী সোহেল আরেক দরজা খুলে দৌড়ে প্রাণ বাঁচান। সোহেলই সেই নারকীয় ঘটনার কথা জানিয়েছেন সিকান্দারের স্বজনদের।
আবুল হোসেন বলেন, সোহেল তাঁদের বলেছেন, সিকান্দারকে নামিয়ে গাড়ির সঙ্গে ঠেসে ধরে তাঁর মাথায় ও গাড়িতে তেল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন জামায়াত-শিবিরের কর্মীরা। তাঁরা চলে যাওয়ার পর সোহেল আশপাশের লোকজনের সহযোগিতায় আগুন নিভিয়ে সিকান্দারকে প্রথমে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসেন।
কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি সিকান্দারকে। তাঁর মাথা-মুখসহ শরীরের ৮০ শতাংশই পুড়ে গিয়েছিল।
দুই চালকের স্বজনেরাই প্রথম আলোকে জানান, পরিবহন শ্রমিক সংগঠনের কেউই হাসপাতালে এই দুই চালককে দেখতে আসেননি। কেউ খবরও নেননি।