প্রাণ গেল দুই ভাইয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জেরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর মধ্যপাড়া গ্রামে সন্ত্রাসী হামলায় দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা চাচাতো ভাই। এ ছাড়া নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, দুই বিঘা জমির মালিকানা নিয়ে একই গ্রামের আবু তালেব ও তাঁর ভাগনে আবদুর রাজ্জাকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধপূর্ণ জমি নিয়ে গত বুধবার দুই পক্ষের বাগিবতণ্ডা হয়। এর জেরে গতকাল সকাল নয়টার দিকে রাজ্জাকের নেতৃত্বে ২০-২৫ জনের একদল দুর্বৃত্ত দেশি অস্ত্র নিয়ে আবু তালেবের সমর্থক নজরুল ইসলামের বাড়িতে হামলা চালায়। হামলার মুখে নজরুলসহ বাড়ির সদস্যরা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। কিন্তু দুর্বৃত্তরা ওই ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে নজরুলকে (৪১) কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় তাঁর মা মনোয়ারা বেগমকেও (৭০) আহত করা হয়। একপর্যায়ে নজরুলকে রক্ষায় এগিয়ে এলে তাঁর চাচাতো ভাই আবদুস সালাম (৪৫) ছাড়াও আবু তালেব (৫০), আবদুস সামাদ (৪০), সাধু (৩৮), ইউনুস আলী (৩০) ও আবদুল হামিদসহ (৪২) অন্তত ১০ জন হামলায় আহত হন। পরে গ্রামবাসীর সহায়তায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নজরুল ও সালামের মৃত্যু হয়। আহত অন্য ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবদুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। একাধিক গ্রামবাসী জানান, ঘটনার পরপরই রাজ্জাক ও তাঁর সঙ্গীরা গা ঢাকা দিয়েছেন। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত শেষে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।