প্রাণ গেল দুই শ্রমিকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাথর ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পক্ষ-বিপক্ষের লোকজনের সংঘর্ষে দুজন পাথরশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। গতকাল সোমবার রাত আটটার দিকে কোম্পানীগঞ্জ সদর গ্রামে শ্রমিক নিহতের বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী ওরফে কালা মিয়ার পক্ষের লোকজনের সঙ্গে পাথর ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ব্যবসায়ী আবদুল আলীর পক্ষের লোকজনের বিরোধ ছিল। গতকাল সন্ধ্যার পর ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে সিলেটগামী একটি ট্রাকে পাথর তোলা নিয়ে কোম্পানীগঞ্জ সদর গ্রামের হবিনগরের কাছে দুই পক্ষের লোকজন মুখোমুখি হয়। একপর্যায়ে আপ্তাব আলী ও আমদুল আলীর উপস্থিতিতে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষে দুই দফায় প্রায় আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষের সময় গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ফরমুজ আলী (২৮) নিহত হন। কুপিয়ে আহত অবস্থায় রুহুল আমিন (৪৫) নামের আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তাঁরা সাধারণ পাথরশ্রমিক এবং দুজনই আবদুল আলীর পক্ষের লোক বলে জানা গেছে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।।

রাত নয়টায় এ প্রতিবেদন লেখার সময় আওয়ামী লীগের নেতা আপ্তাব আলীকে ঘটনাস্থলে অবরুদ্ধ করে রেখেছিলেন আবদুল আলীর পক্ষের ও স্থানীয় লোকজন। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে বলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ উদ্দিন জানান।