প্রাণ গেল দেড় হাজার গাছের
মানুষে মানুষে বিবাদ। কিন্তু প্রাণ গেল এক হাজার ৫০০টিরও বেশি গাছের। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম আলীসারকুল গ্রামে। এ নিয়ে শ্রীমঙ্গল থানায় গত বুধবার ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।সরেজমিনে জানা গেছে, সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় উপজেলার পশ্চিম আলীসারকুল গ্রামের যুবক মো. নুরুজ আলী গত মে মাসে ভুনবীর ইউনিয়নের আলীসারকুল দীঘিরপাড়-সাতগাঁও চা-বাগান গ্রামীণ সড়কের উভয় পাশে প্রায় এক কিলোমিটার এলাকায় অর্জুন, নিম, একাশিয়া, জারুল, করইসহ বিভিন্ন প্রজাতির দুই হাজার গাছের চারা রোপণ করেন। গাছ রোপণের পর এলাকার কিছু লোক তাদের গরু-ছাগল ছেড়ে দিয়ে গাছের ক্ষতি করায় নুরুজ কয়েকটি গরু-ছাগল ধরে খোঁয়াড়ে দেন। এ নিয়ে এলাকার কয়েকজনের সঙ্গে নুরুজের বাগিবতণ্ডা হয়।নুরুজ আলী বলেন, গত মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে বাক্কই মিয়া ও কালাম মিয়ার নেতৃত্বে ১৫-২০ জন লোক রোপণ করা গাছগুলোর মধ্যে এক হাজার ৫০০টিরও বেশি গাছ উপড়ে ফেলেন। ঘটনার প্রতিবাদ করায় তাঁরা নুরুজ মিয়াকে মারধর করেন। ঘটনার পরদিন নুরুজ আলী শ্রীমঙ্গল থানায় পশ্চিম আলীসারকুল গ্রামের বাসিন্দা বাক্কই মিয়া, কালাম মিয়া, ছোবান মিয়া, বাচ্চু মিয়া, কুদরত মিয়া, মনোয়ারা বেগম, কাউসার মিয়া, আবদুল আলী, ছোবহান মিয়া, আরশদ মিয়া, ফুলবানু ও আয়েশা বিবিকে অভিযুক্ত করে মামলা করেন। অভিযুক্ত ব্যক্তিদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক এবং মামলার তদন্ত কর্মকর্তা মো. মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।