প্রাণ গেল পথচারীর
রাজধানীর পুরানা পল্টন মোড়ে গতকাল বৃহস্পতিবার সকালে বাসের চাপায় খলিলুর রহমান (৩৫) নামের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
শাহবাগ থানার সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে ঢাকা পরিবহনের একটি বাস পথচারী খলিলুর রহমানকে চাপা দিলে তিনি আহত হন। স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ চালকসহ বাসটি আটক করে। রক্তাক্ত অবস্থায় পথচারী খলিলুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অজ্ঞাত হিসেবে খলিলুরকে হাসপাতালে নেওয়া হয়। পরে স্বজনেরা এসে তাঁর লাশ শনাক্ত করেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাসের চালক মোফাজ্জল হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় খলিলুর রহমানের স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে দণ্ডবিধির ৩০৪-এর খ ধারায় মামলা করেন। মামলায় বলা হয়, বাসচালক বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে তাঁর স্বামীকে চাপা দিয়ে মেরেছে। চালকের অবহেলাই এ মৃত্যুর জন্য দায়ী। এ মামলায় মোফাজ্জলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
খলিলুর রহমান রাজধানীর ১ নম্বর ভাষানটেকে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ পালকদিতে। তাঁর বাবার নাম মৃত আবদুর রাজ্জাক।