প্রাণ গেল মা ও বাচ্চা হনুমানের
যশোরের কেশবপুরে গতকাল বুধবার সকালে পিকআপের চাকায় পিষ্ট হয়ে বিরল প্রজাতির দুটি হনুমানের (মা ও বাচ্চা) মৃত্যু হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল ভোর সাড়ে ছয়টার দিকে শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় একটি মা হনুমান বুকে বাচ্চা নিয়ে যশোর-সাতক্ষীরা সড়ক পার হচ্ছিল। এ সময় সাতক্ষীরার দিক থেকে আসা মুরগিবোঝাই একটি পিকআপ চাপা দিলে ঘটনাস্থলেই হনুমান দুটির মৃত্যু হয়। পিকআপটি দ্রুত পালিয়ে যায়। বাচ্চা হনুমানটির বয়স দুই মাসের মতো।কেশবপুরের বন সংরক্ষক ইউনুস আলী এ বিষয়ে কিছুই জানেন না বলে প্রথম আলোকে জানিয়েছেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুর রহিম জানান, বিকেল চারটার দিকে তাঁর হাসপাতালে হনুমান দুটি নিয়ে আসা হয়। ময়নাতদন্ত শেষে হনুমান দুটি কবর দেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) আবুল কালাম আজাদও এ বিষয়ে কিছুই বলতে পারেনি। উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন বলেন, অভয়াশ্রম বানাতে না পারলে এ প্রজাতিটি রক্ষা করা যাবে না।কেশবপুরের বিরল প্রজাতির হনুমানগুলো বর্তমানে খাদ্য-সংকটে ভুগছে। এখন আর তেমন বন এলাকা না থাকায় লোকালয়ে হনুমানগুলো চলে আসছে। আর এ কারণে বিদ্যুতের তারে জড়িয়ে, বিষাক্ত আমের মুকুল খেয়ে ও যন্ত্রযানের চাকায় পিষ্ট হয়ে গত পাঁচ বছরে ২০টির মতো হনুমান মারা গেছে। তবে স্থানীয় বন বিভাগ ও প্রাণিসম্পদ কার্যালয়ে এ বিষয়ে কোনো তথ্য নেই।