
পোশাক কারখানায় আগুন লেগে এবার প্রাণ গেল কারখানার মালিকসহ আটজনের। নিহত ব্যক্তিদের মধ্যে পুলিশের একজন অতিরিক্ত উপমহাপরিদর্শকও (অতিরিক্ত ডিআইজি) রয়েছেন। গত বুধবার রাতে রাজধানীর মিরপুরের তুং হাই সোয়েটার কারখানায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (ট্রান্সপোর্ট) জেড এ মোরশেদ, তুং হাইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক মাহবুবুর রহমান, তাঁর তিন বন্ধু কুমিল্লা (উত্তর) যুবলীগের সভাপতি সোহেল মোস্তফা, ব্যবসায়ী এমাদুর রহমান ও সৈয়দ নাসিম রেজা এবং পুলিশ কর্মকর্তা মোরশেদের গাড়িচালক রিপন চাকমা, তুং হাইয়ের অফিস সহকারী সাহাবুদ্দিন ও রংমিস্ত্রি মোস্তাফিজুর রহমান। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, তাঁদের কারোরই শরীর পোড়েনি। প্রচণ্ড ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার রাত পৌনে ১১টার দিকে ১২তলা ভবনটির তৃতীয় তলায় আয়রন বিভাগে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। দ্রুতই তা দোতলা ও চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে। এ সময় কারখানায় কাজ বন্ধ থাকায় শ্রমিকেরা ছিলেন না। তবে বিভিন্ন তলায় অল্প কয়েকজন কর্মী পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন।
কারখানার কর্মীরা জানান, তিনতলায় প্রচুর তৈরি সোয়েটার বিদেশে রপ্তানির জন্য মজুত ছিল। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, এই সোয়েটারের কাপড় প্রচণ্ড দাহ্য এবং এগুলো পুড়লে তীব্র গাঢ় ধোঁয়া হয়। এই ধোঁয়ায় মানুষ এক মিনিটও শ্বাস নিতে পারে না।
ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ধারণা, আগুন লাগার পর তাঁরা ছাদে ওঠার চেষ্টা করেন। কিন্তু ছাদের দরজায় তালা থাকায় তাঁরা সিঁড়িতে আটকা পড়েন। পরে তাঁরা নিচে নেমে আসার চেষ্টা করেন। কিন্তু বিপুল পরিমাণ ধোঁয়ার মধ্যে তাঁরা নামতে পারেননি। একপর্যায়ে ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনের ছয়তলা এবং ওপরের সিঁড়ি থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
দারুস সালাম থানার পুলিশ জানায়, এ ঘটনায় নিহত আটজনের মধ্যে ছয়জনের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অফিস সহকারী সাহাবুদ্দীন ও রংমিস্ত্রি মোস্তাফিজুরের লাশ গতকাল সন্ধ্যা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ মর্গে ছিল।
কুমিল্লা থেকে নিজস্ব প্রতিবেদক জানান, মাহবুবুর রহমান কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসন থেকে আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন। সে জন্য এলাকায় তিনি জনসংযোগ শুরু করছিলেন। তাঁর মৃত্যুতে হোমনা উপজেলা আওয়ামী লীগ তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।
মাহবুবুর রহমানের ব্যবসায়িক অংশীদার তোফাজ্জল হোসেন আগুনের খবর শুনে বাসা থেকে ছুটে এসে জ্বলতে থাকা কারখানার ভেতরে ঢুকে পড়েন। তিনি প্রথম আলোকে বলেন, মাহবুবুর রহমান কুমিল্লায় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন। তাই বন্ধুদের নিয়ে তাঁর অফিসে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলেন।
তাঁর ঘনিষ্ঠজনেরা জানান, গত আওয়ামী লীগ সরকারের সময় কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন জেড এ মোরশেদ। সেই থেকে মাহবুবুর রহমানের সঙ্গে তাঁর পরিচয় ও বন্ধুত্ব।
জানাজা: গতকাল দুপুরে কারখানার পাশে মিরপুর বাঙলা কলেজের মাঠে মাহবুবুরের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। কারখানার শ্রমিক ও কর্মীরা জানাজায় অংশ নেন। সেখান থেকে লাশ নিয়ে যাওয়া হয় বিজিএমইএ ভবনে। আসরের নামাজের পরে এখানে একদফা জানাজা শেষে তাঁর লাশ একটি বেসরকারি হাসপাতালের হিমঘরে রাখা হবে। আজ শুক্রবার জুমার নামাজের পর বেলা তিনটায় হোমনা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে মাহবুবুর রহমানের জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে গতকাল দুপুরে রাজারবাগ পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হয় অতিরিক্ত ডিআইজি জেড এ মোরশেদের প্রথম জানাজা। স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, জ্যেষ্ঠ সচিব সি কিউ কে মুসতাক আহমেদ, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারসহ পদস্থ পুলিশ কর্মকর্তা ও স্বজনেরা এতে অংশ নেন। পরে গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
অন্যদের লাশ নিয়ে গেছেন তাঁদের স্বজনেরা।