কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বেলতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল মঙ্গলবার সকালে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কুমিল্লার ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাসুম বিল্লাহ (১৭) ও দশম শ্রেণীর ছাত্র আলভী আলম সরকার (১৫) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও নয়জন।একই দিন বেলা ১১টায় খুলনার দৌলতপুর উপজেলার কুলিবাগান এলাকায় খুলনা-যশোর মহাসড়কে বাসের ধাক্কায় নিহত হন বিএল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আবু শাহিন (২৩)। এ ঘটনায় তাঁর সঙ্গী শহিদুল ইসলাম মুন্সি (৪৫) আহত হন।প্রত্যক্ষদর্শী ও দুর্ঘটনায় আহত ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী মশিউর রহমান জানায়, সহপাঠীর বাবার জানাজায় অংশ নিতে সকাল সাড়ে নয়টায় কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে তারা ১১ জন সহপাঠী একটি মাইক্রোবাস ভাড়া করে ফেনীর উদ্দেশে রওনা হয়। ওই সময় বেলতলী এলাকায় পদ্মা পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি টেম্পোকে বাঁচাতে গেলে তাদের মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাসুম ও আলভীর মৃত্যু হয়। সে নিজেসহ মাইক্রোবাসে থাকা কলেজের ছাত্র নাজিব রহমান, নাজমুল হাসান, আকিব, তৌসিফ, শ্রাবণ চাকমা, খাদেমুল আলম, আসিফ ও রিংকু আহত হয়। খবর পেয়ে সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ও কলেজের শিক্ষকেরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। আহত শিক্ষার্থীদের কুমিল্লা সেনানিবাস এলাকার সিএমএইচ হাসপাতাল ও কুমিল্লা শহরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় মাইক্রোবাস, টেম্পো ও সিএনজিচালিত একটি অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। তবে বাসটি আটক করা যায়নি। হতাহতরা সবাই কলেজের কুদরাত-এ-খুদা ছাত্রাবাসের শিক্ষার্থী।নিহত দুই শিক্ষার্থীর মরদেহ কুমিল্লার সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। আজ বুধবার মাসুম বিল্লাহর এবং আগামীকাল বৃহস্পতিবার আলভীর মরদেহ দাফন হতে পারে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোসলেহ উদ্দিন আহমেদ ও উপাধ্যক্ষ মাখন চন্দ্র বড়াল বলেন, এ ঘটনায় কলেজ পরিবার গভীর শোকাহত। অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ আরও জানান, সহপাঠীর বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য তিন শিক্ষার্থীকে অনুমতি দিয়েছিল কলেজ কর্তৃপক্ষ। অন্য আট শিক্ষার্থী অনুমতি না নিয়েই তাদের সঙ্গে ফেনী রওনা হয়। কুমিল্লার সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ বলেন, ‘বাস এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে এ ব্যাপারে কোনো মামলা হয়নি।’এদিকে খুলনার ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কলেজের শিক্ষার্থী আবু শাহিন বাইসাইকেলে বাসায় ফেরার পথে কুলিবাগান কৃষি অফিসের সামনে একটি বাস পেছন থেকে তাঁকে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সাইকেলের অন্য আরোহী শহিদুল আহত হন। দুপুর ১২টার দিকে শাহিনের মৃত্যুর খবর কলেজ ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে কলেজ থেকে বের হয়ে খালিশপুর নতুন রাস্তার মোড় থেকে দৌলতপুর মহসিন স্কুল মোড় পর্যন্ত ধাওয়া করে দুটি বাস, দুটি ট্রাক ও তিনটি বেবিট্যাক্সি ভাঙচুর করেন। পুলিশের হস্তক্ষেপে শিক্ষার্থীরা ভাঙচুর বন্ধ করলেও দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তাঁরা ওই মহাসড়ক অবরোধ করে রাখেন। পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য শাহিনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আবু শাহিনের বাড়ি খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী গ্রামে। তিনি দৌলতপুর থানার পেছনে কুলিবাগান এলাকায় একটি বাড়িতে লজিং থেকে পড়াশোনা করতেন। দুর্ঘটনার পর বেলা সাড়ে ১১টার দিকে ফুলবাড়ী গেট এলাকা থেকে বাস ও চালক আরিফুল ইসলামকে (২৩) আটক করা হয়।বিএল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শফিউল্লাহ সরদার বলেন, পুলিশ প্রশাসন, বাসমালিক সমিতি ও শিক্ষার্থীদের যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী খুলনা-যশোর মহাসড়কে আজ বুধবার নগর পরিবহনের কোনো বাস চলবে না। ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত করতে আজ বেলা ১১টায় আবার যৌথ সভা হওয়ার কথা।