প্রাণ গেল ১৪ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে গত দুই দিনে ১৩ জন নিহত হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সাতক্ষীরা: কালীগঞ্জ উপজেলার সাতপুর এলাকায় গতকাল শুক্রবার একটি বাস সড়কের ওপর দাঁড়িয়ে থাকা এক পথচারীকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে পথচারী উপজেলার ভাড়াশিমুলিয়া গ্রামের মোহাম্মদ আলী (৪৮) ও বাসযাত্রী একই উপজেলার দক্ষিণ নারায়ণপুর গ্রামের সুধান্য ঘোষের স্ত্রী পাগলী রানী ঘোষ (৫৫) নিহত ও ৪০ জন আহত হন।ঝালকাঠি: কাঁঠালিয়া-রাজাপুর সড়কের বড় কাঁঠালিয়ার ফকির বাড়ির সামনে বৃহস্পতিবার যাত্রীবাহী দুটি টেম্পোর সংঘর্ষ হয়। এতে টেম্পোর যাত্রী কাঁঠালিয়ার ছিটকী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র শাহীন হাওলাদার (১৭) নিহত হয়। বাঁশখালী (চট্টগ্রাম): বাঁশখালী প্রধান সড়কের চাম্বল চেয়ারম্যান ঘাটায় শুক্রবার বাসচাপায় শেখেরখিল ইউনিয়নের ছৈয়দুল আলম (৩৫) নিহত হয়েছেন। সিরাজগঞ্জ: শাহজাদপুর উপজেলার আলোকদিয়ার এলাকায় বৃহস্পতিবার মাইক্রোবাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের যাত্রী পাবনার হামিদপুর গ্রামের জামাল উদ্দীন (৫০) ও আবদুস সালাম (৪০) নিহত হন।শিবচর (মাদারীপুর): মাদারীপুর-শিবচর সড়কের যাদুয়ারচরের মাদবরেরকান্দি গ্রামে শুক্রবার বাসচাপায় আলাতন বেগম (৫০) নিহত হন। তিনি যাদুয়ারচর গ্রামের মৃত কফিলউদ্দিন সরদারের মেয়ে।ত্রিশাল (ময়মনসিংহ): ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের রায়মণি এলাকায় লেগুনার চাপায় মফিজুল ইসলাম (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে।রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): রাঙ্গুনিয়ার কাদেরনগর এলাকায় নির্মাণাধীন সেতুর খাদে শুক্রবার একটি মোটরসাইকেল পড়ে যায়। এতে মোটরসাইকেলের আরোহী রোপণ দাশ (৩২) ও সঞ্জয় দাশ (২৮) নিহত হন। রাজশাহী: পুঠিয়ার বানেশ্বর বাজারের কলাহাটের কাছে বৃহস্পতিবার একটি বাস একটি ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানের যাত্রী পুঠিয়া উপজেলার কুটিপাড়া গ্রামের আনারুলের সাত মাস বয়সী মেয়ে কল্পনা ও তাঁর শ্যালিকা ডলি নিহত হয়।কাউনিয়া (রংপুর): উপজেলার বেইলি ব্রিজ এলাকায় বৃহস্পতিবার একটি ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জন হুমায়ুন কবীর (৪৫) নিহত হন। সিলেট: গোলাপগঞ্জ চৌমুহনী এলাকায় বৃহস্পতিবার বিকেলে ট্রাকের চাপায় রুবেল আহমদ (৪) নামের এক শিশু নিহত হয়। সে চৌমুহনী এলাকার সুলতান মিয়ার ছেলে।