প্রাণ গ্রুপের কর্মকর্তারা বলেছেন, প্রাণ জুস নিম্নমানের ও ভেজাল বলে গণমাধ্যমে যা প্রচারিত হয়েছে, তা ঠিক নয়। তাঁরা বলেছেন, বিএসটিআই প্রাণের অরেঞ্জ ড্রিংকসের নিবন্ধন বাতিল করায় তা বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। কিন্তু প্রাণের সব খাদ্যপণ্য বাতিল বলে ‘অপপ্রচার’ করা হচ্ছে।গতকাল মঙ্গলবার রাজধানীর মধ্যবাড্ডায় প্রাণ গ্রুপের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা এসব কথা বলেন। তাঁরা আরও বলেন, প্রাণ জুসে ফলের রসের ‘লেশমাত্র নেই’ এমন অভিযোগ প্রমাণ করতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রাণ গ্রুপের পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, প্রাণ ২০ বছর ধরে দেশে উৎপাদিত ফলমূল প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে ফলের রসের চাহিদা পূরণ করে আসছে। বর্তমানে বিশ্বের ৮৮টি দেশে প্রাণ-উৎপাদিত পণ্য রপ্তানি হচ্ছে। প্রতিষ্ঠানটির উৎপাদিত ফলের রসের মধ্যে ৯০ ভাগ হলো আমের জুস (রস)। পরিচালক কামরুজ্জামান আরও বলেন, প্রাণের উৎপাদিত ৫০০ পণ্য বাজারে রয়েছে। এর মধ্যে প্রাণ অরেঞ্জ ড্রিংকসের নিবন্ধন বাতিল করেছে মান নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ওই পণ্যটি বাজার থেকে তুলেও নেওয়া হয়েছে। কিন্তু সংবাদমাধ্যমে প্রাণের সব খাদ্যপণ্য বাতিল বলে অপপ্রচার করা হচ্ছে। সাংবাদিকদের প্রশ্নে উপস্থিত কর্মকর্তারা দাবি করেন, প্রাণের বিভিন্ন ফলের রসে ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত সংশ্লিষ্ট ফলের নির্যাস থাকে। তাঁরা বিএসটিআইয়ের প্রতি ফলের রসে কী পরিমাণ নির্যাস বা উপাদান থাকতে হবে, তা উল্লেখ করে দেওয়ার দাবি জানান। প্রাণের লিখিত বক্তব্যে বলা হয়, প্রতিষ্ঠানটি চুক্তিবদ্ধ কৃষকদের কাছ থেকে কাঁচামাল হিসেবে আম সংগ্রহ করে তা প্রক্রিয়াজাত করে রস উৎপাদন ও বিপণন করে থাকে। সংবাদ সম্মেলনে প্রাণের পরিচালক ইলিয়াস মৃধা ও সহকারী মহাব্যবস্থাপক (পণ্য উন্নয়ন-এজিএম) আরিফুর রহমানও উপস্থিত ছিলেন।