নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামে গতকাল শনিবার সকালে দুপক্ষের সংঘর্ষে দুজন খুন হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন। সংঘর্ষের সময় উভয় পক্ষের অন্তত ১৪টি ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।নিহত ব্যক্তিরা হলেন কুমড়ি গ্রামের পাচু শেখের ছেলে বাদশা শেখ (৪৫) ও রসো খাঁর ছেলে তোতা খাঁ (৬৫)। আহত ব্যক্তিদের মধ্যে ১৩ জনকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ, নড়াইল সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুমড়ি গ্রামবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে ৪০ বছর ধরে গ্রামের শেখ ও খাঁ বংশের মধ্যে দ্বন্দ্ব চলছে। বর্তমানে শেখ বংশের নেতৃত্ব দিচ্ছেন দিঘলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আকরাম হোসেন, মাসুদ শেখ ও বনি শেখ এবং খাঁ বংশের নেতৃত্বে আছেন সাহেব খাঁ, আকবর খাঁ ও দিঘলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান লতিফুর রহমান ওরফে পলাশ চেয়ারম্যান।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গতকাল সকাল আটটার দিকে উভয় পক্ষ ঢাল, সড়কি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের সময় আকরাম হোসেনের পক্ষের বাদশা শেখ সড়কির কোপে ঘটনাস্থলেই নিহত হন। সকাল নয়টায় সংঘর্ষ শেষ হওয়ার কিছুক্ষণ পর কুমড়ি কবরস্থানের পাশে সাহেব খাঁ পক্ষের তোতা খাঁর লাশ পাওয়া যায়।সাবেক ইউপি সদস্য আকরাম হোসেন দাবি করেন, সকালে সাহেব খাঁ পক্ষের লোকজন প্রথমে তাঁর লোকজনের ওপর হামলা চালান। পরে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ওই সময় সাহেব খাঁর লোকজন তাঁর পক্ষের বাদশা শেখকে খুন করেন বলে তিনি অভিযোগ করেন। অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেছেন সাহেব খাঁ পক্ষের আকবর খাঁ। কুমড়ি গ্রামে শেখ ও খাঁ বংশের মধ্যে দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষ, হামলার কারণে গতকাল পর্যন্ত ১৯ জন খুন হয়েছেন। দুপক্ষের সংঘর্ষের ঘটনায় বর্তমানে চারটি হত্যা মামলার বিচার চলছে।বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম হোসেন বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে এ দ্বন্দ্ব যাতে আর ছড়াতে না পারে, সে জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে।