প্রাণ-প্রকৃতি মানুষবিনাশী প্রকল্প বাতিলের দাবি
রামপালসহ ‘প্রাণ-প্রকৃতি মানুষবিনাশী মিথ্যাচার, অনিয়ম, অস্বচ্ছতা ভরা’ জবরদস্তিমূলক সব প্রকল্প বাতিলের দাবি জানিয়েছে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। কমিটির এক বিবৃতিতে বলা হয়, সুন্দরবনবিনাশী রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প প্রথম থেকেই মিথ্যাচার, অনিয়ম, অস্বচ্ছতা, প্রতারণা এবং জবরদস্তির ওপর চলছে।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে এই বিবৃতি পাঠায় জাতীয় কমিটি। এতে বলা হয়, বাংলাদেশের সব স্তরের মানুষ, বিশেষজ্ঞসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞরাও রামপালসহ সুন্দরবনবিনাশী বিভিন্ন প্রকল্প বাতিল করতে বলছেন। ইউনেসকো তাদের সর্বশেষ গত ৩০ মার্চের প্রতিবেদনে সামগ্রিক পরিবেশ সমীক্ষ না করা পর্যন্ত রামপালসহ সব ক্ষতিকর প্রকল্প বন্ধ রাখতে বলেছে।
ভারতীয় সংবাদপত্রের সূত্রে বিবৃতিতে বলা হয়, রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য ভারতের ঝাড়খন্ডের ধানবাদ থেকে এনে কলকাতা বন্দরে ৩ হাজার ৮০০ টন কয়লা খালাস করা হয়েছে, যা বাংলাদেশের মোংলা বন্দরে পাঠানো হচ্ছে। পুরোদমে বিদ্যুৎকেন্দ্র চালু হলে প্রতি মাসে কলকাতা থেকে ২০ হাজার টন কয়লা সরবরাহ করা হবে। এদিকে সরকার দাবি করছে, এই কয়লা আনা হচ্ছে ‘কেবল মাত্র কোল স্টোকইয়ার্ড ফ্লোরে ব্যবহার করার’ জন্য।
বিবৃতিতে আরও বলা হয়, রামপাল প্রকল্পে মুনাফা করবে ভারতের এনটিপিসি, নির্মাণকাজে ভেল ইন্ডিয়া, ঋণের ব্যবসা করবে ভারতের এক্সিম ব্যাংক এবং কয়লার ব্যবসা করবে কোল ইন্ডিয়া আর তাদের সহযোগী বিভিন্ন ব্যবসায়িক গ্রুপ। আর এতে সর্বনাশ হচ্ছে বাংলাদেশের, সীমান্তের দুপারেই সুন্দরবনের এবং এসবের মধ্য দিয়ে পুরো অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ক্ষতি আরও বাড়ানো হচ্ছে।
তেল-গ্যাস কমিটি বলেছে, সর্বোত্তম মানের কয়লা আনার কথা বলে আনা হচ্ছে নিকৃষ্টতম কয়লা। ভারত থেকে কয়লা আনার ক্ষেত্রে রায়মঙ্গল-চালনা-মোংলা রুট ব্যবহার করা হচ্ছে, যা সুন্দরবনের ভেতরের বলেশ্বর, শিবসা, শাকবাড়িয়া, আড়পাঙ্গাশিয়া, কালিন্দী, পানগুছি ও রায়মঙ্গল নদী ক্ষতিগ্রস্ত করবে। প্রতি মাসে ভারত থেকে ৩০টি ও আকরাম পয়েন্ট থেকে ৮০টি কয়লাবাহী জাহাজ এসব নদী দিয়ে চলাচল করবে। গত ১০ বছরে সুন্দরবনের শ্যালা, পশুর, কুঙ্গা ও ভৈরব নদ-নদীতে ১১টি এবং ভারতের অংশে ৯টি কার্গো ফ্লাইঅ্যাশের জাহাজ ডুবে যায়। যার মাধ্যমে প্রায় ৬ হাজার টন ফ্লাইঅ্যাশ, ৫ হাজার টন কয়লা, ৩৭০ টন জ্বালানি তেল, ৫০০ টন পটাশিয়াম, ১ হাজার ৩৬ টন জিপসাম ও ৭০০ টন গম সুন্দরবনের নদী ও বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। রামপাল বিদ্যুৎকেন্দ্র ঘিরে এর ভয়ংকর দূষণের সঙ্গে কয়লা পরিবহনের দূষণ যুক্ত হয়ে সুন্দরবনের পানি, মাটি, গাছপালা ও প্রাণিসম্পদের যে ক্ষতি হবে, তাতে বিশ্ব ঐতিহ্য ও বাংলাদেশের এই প্রাকৃতিক ঢাল নিশ্চিতভাবেই ধ্বংসের মুখে পড়বে।
বিবৃতিতে আরও বলা হয়, লকডাউন-শাটডাউনে যখন অনেক প্রয়োজনীয় কাজ বন্ধ, তখন জোরকদমে ধ্বংসযজ্ঞ আর জবরদস্তিমূলক এসব প্রকল্প চালাচ্ছে সরকার। বিভিন্ন কয়লা প্রকল্পে ব্যবসা করছে ভারত, চীন, জার্মানি, জাপানের কয়েকটি প্রতিষ্ঠান এবং বাংলাদেশের লুটেরা কিছু গোষ্ঠী। শুধু রামপাল নয়, সরকারের দেশবিধ্বংসী অন্যান্য কয়লা ও পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প দাঁড়িয়ে আছে জোরজবরদস্তি, অনিয়ম ও ঋণনির্ভরতার ওপর। বাঁশখালী প্রকল্প গ্রাসবাসী ও শ্রমিকদের জীবন কেড়ে নিয়েছে, রক্তের ওপর দাঁড়িয়ে আছে এই প্রকল্প। মাতারবাড়ী ও পায়রায় ইতিমধ্যেই পরিবেশ বিপর্যয় শুরু হয়েছে। রূপপুর নিয়ে আসছে বাংলাদেশের জন্য মহাবিপদ।