প্রাণ ফিরে পেয়েছে কুয়াকাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈকতের বালুকায় দাঁড়ালে চোখে পড়বে দিগন্তজোড়া আকাশ আর সমুদ্রের নীল জলরাশি। ঢেউ আছড়ে পড়ছে কিনারায়। উড়ে যাচ্ছে সাদা গাঙচিলের দল এদিক-ওদিক। মাছ শিকারের জন্য জেলেরা ট্রলারে ও নৌকায় ছুটে যাচ্ছে গভীর সমুদ্রে।
এমন বর্ণনার স্থানটির নাম কুয়াকাটা। ছবির মতো সুন্দর এ স্থানটিকে পর্যটক-দর্শনার্থীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলে ধরতে প্রথমবারের মতো ‘মেগা বিচ কার্নিভ্যাল’-এর আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে সৈকতে নানা ধরনের খেলা, রাখাইনদের হাতে বানানো পিঠার প্রদর্শনী, তাঁতশিল্পের দোকান, শামুক-ঝিনুকের মেলা, ফানুস উৎসব, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের আকর্ষণীয় লেজার শো, জাতীয় পর্যায়ের শিল্পীদের পরিবেশনার পাশাপাশি ব্যান্ডসংগীতের সুরের মূর্ছনায় কুয়াকাটা যেন ভিন্ন রূপে, ভিন্ন আঙ্গিকে আবির্ভূত হয়েছে। এসব আয়োজন উপভোগ করতে দূর-দূরান্ত থেকে কুয়াকাটায় সমবেত হয়েছেন হাজারো পর্যটক, দর্শনার্থী।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শফিকুর রহমান বলেন, কুয়াকাটায় ৫০টির মতো আবাসিক হোটেল-মোটেল রয়েছে। এর সবই ১৫ দিন আগে বুকিং হয়ে গেছে। বিচ কার্নিভ্যালের কারণে হঠাৎ করে চাপটা পড়েছে। তিনি বলেন, উৎসবকে কেন্দ্র করে তিন দিনে অন্তত লাখো লোকের সমাবেশ ঘটবে কুয়াকাটায়।
বিচ কার্নিভ্যালকে কেন্দ্র করে কুয়াকাটার পর্যটন-নির্ভর ব্যবসা-বাণিজ্যেও চাঙাভাব লক্ষ করা গেছে। বস্ত্র সামগ্রীর দোকান, খাবারের হোটেল, শামুক-ঝিনুকের দোকান, শুঁটকির দোকান, চা-পানের দোকান, স্টুডিওসহ অন্য সব ব্যবসায়ীর বেচা-বিক্রি বেড়েছে। রাখাইন মার্কেটের মেসার্স হানিমুন স্টোরের মালিক মো. জাহিদুল ইসলাম বলেন, ‘সাধারণ দিনগুলোতে আমার দোকানে দৈনিক ১০ থেকে ১৫ হাজার টাকা বিক্রি হতো। দুই দিন ধরে আমার দৈনিক ৩০ থেকে ৪০ হাজার টাকা বিক্রি হয়েছে।’
তবে বিচ কার্নিভ্যালের সাংস্কৃতিক পরিবেশনায় খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণ না থাকায় কেউ কেউ অভিযোগ তুলেছেন। খুলনার পর্যটক রাফিন কবীর বলেন, ‘কুয়াকাটায় বিচ কার্নিভ্যালের খবর পেয়ে আমরা পাঁচজন বন্ধু পুরো পরিবার নিয়ে চলে এসেছি। তবে আয়োজনের স্বল্পতা দেখে হতবাক হয়েছি। বিশেষ করে সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে।’
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মো. নজরুল ইসলাম বলেন, কুয়াকাটায় এ অনুষ্ঠানটি প্রথমবারের মতো করা হচ্ছে। যে কারণে কিছু ত্রুটি-বিচ্যুতি হয়েছে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর ফসিউর রহমান বলেন, জেলা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ সমন্বয়ে সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পর্যটকেরা যাঁরা সাগরে গোসল করতে নামছেন, অথবা ট্রলার, স্পিড বোটে যাঁরা ফাতরার চর, কটকায় ঘুরতে যাচ্ছেন, তাঁদের সতর্ক করা হচ্ছে। এমনকি ট্রলার-বোটমালিকদের মাধ্যমে লাইফ জ্যাকেট দেওয়ার বিষয়টিও খেয়াল করা হচ্ছে।