প্রাণ বাঁচাতে পাইপ বেয়ে নামতে গিয়ে প্রাণটাই গেল
পাঁচতলা ভবনের নিচতলায় থাকা বৈদ্যুতিক মিটারগুলোতে শর্টসার্কিট থেকে আগুন ধরে যায়। আতঙ্কিত বাসিন্দারা উঠে যায় ভবনের ছাদে। তাঁদের মতো ছুটে গিয়েছিল পাঁচতলা ফ্ল্যাটের গৃহপরিচারিকা জান্নাতুন নাহারও (১৩)। জীবন বাঁচাতে পয়োনিষ্কাশন পাইপ বেয়ে নিচে নেমে যাওয়ার চেষ্টা করে সে। হঠাৎ পা পিছলে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ রোববার বেলা সোয়া একটার দিকে চট্টগ্রাম নগরের সুগন্ধা আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের সি ব্লকের ৭৭ নম্বর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আর কেউ হতাহত হয়নি। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বাসিন্দা জান্নাতুন ভবনের পাঁচতলার ফ্ল্যাটের ভাড়াটে জসিম উদ্দিনের বাসায় গৃহপরিচারিকার কাজ করত।
পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার প্রথম আলোকে বলেন, সুরভী নামের ভবনটিতে নিচতলায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লাগে। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়লে অন্যদের মতো জান্নাতুনও ছাদে ছুটে যায়। পাইপ বেয়ে নামার সময় নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় সে। পরে তার মৃত্যু হয়।
স্থানীয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রেদোয়ান হোসেন প্রথম আলোকে বলেন, মস্তিষ্কের রক্তক্ষরণে জান্নাতুনের মৃত্যু হয়েছে।
ফ্ল্যাটের গৃহকর্তা জসিম উদ্দিন জানান, জান্নাতুন গত জুলাই থেকে তাঁদের বাসায় কাজ করত। দুর্ঘটনার সময় বাসায় তাঁর মা ও বোন ছিলেন। আগুনের ঘটনায় তাঁরাও ছাদে ছুটে গিয়েছিলেন।
বেলা দুইটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুনে ভবনের নিচতলায় সিঁড়ির পাশে থাকা বৈদ্যুতিক মিটারগুলো পুরোপুরি পুড়ে যায়। বৈদ্যুতিক মিটারের সঙ্গে যুক্ত তারগুলোও পুড়ে গেছে। নিচতলায় ভবনের দেয়ালগুলো ধোঁয়ায় কালো হয়ে আছে।
ভবনের মালিকের নাতি জোবায়দুল আলম প্রথম আলোকে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।