বিরোধী দলের অবরোধ কর্মসূচির নির্মম শিকার হলেন আরও দুজন। তাঁরা হলেন অগ্নিদগ্ধ ট্রাকচালক মেহেদী হাসান (৩২) ও অটোরিকশাচালক সোয়েব আহমেদ (২৫)।
গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান মেহেদী। সকাল সাড়ে ছয়টার দিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সোয়েব।
একেকটি দিন মানে এখন নতুন নতুন মৃত্যুর আহাজারি-কান্না। অন্তত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের গত চার দিনের দৃশ্য ছিল এমনই। বুধবার থেকে সেখানে পরপর তিন দিন মারা গেছেন তিনজন। গতকাল সেই তালিকায় যোগ হলো মেহেদীর নাম।
গত ২৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর গতকাল পর্যন্ত দেশজুড়ে সহিংসতায় প্রাণ হারান ৫৪ ব্যক্তি। তাঁদের মধ্যে ১৩ জনের মৃত্যু হয় হরতাল-অবরোধের আগুন ও ককটেল বিস্ফোরণে।
ফরিদপুর প্রতিনিধি জানান, ৩০ নভেম্বর ফরিদপুরে অবরোধ সমর্থনকারীরা ট্রাকে পেট্রলবোমা ছুড়লে গুরুতর দগ্ধ হন মেহেদী। দুই শিশুসন্তান, স্ত্রী, মা-বাবা ও দুই ছোট ভাইকে নিয়ে ফরিদপুর শহরের কমলাপুর রেললাইন বস্তিতে থাকতেন তিনি। ট্রাক চালিয়ে পরিবারের ভরণপোষণ করতেন। প্রথমে অন্যের ট্রাক ভাড়া নিয়ে চালাতেন। এক বছর আগে অগ্রিম দুই লাখ টাকা দিয়ে মাসে ২৫ হাজার টাকা দেওয়ার কিস্তিতে ছয় লাখ টাকায় একটি ট্রাক কেনেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজের মর্গে মেহেদীর স্বজনেরা জানান, অবরোধে কয়েক দিন ট্রাক না চালালেও কিস্তির টাকা জোগাড় করতে ওই দিন বিকেলে বের হন মেহেদী। সদরপুরের চন্দ্রপাড়ার বাইলাহাটি বাজারে ট্রাকে মালামাল নিয়ে যান তিনি। সঙ্গে ছিলেন সহযোগী মো. রুবেল। সন্ধ্যার দিকে খালি ট্রাক নিয়ে বাসায় ফেরার পথে হরিসভা এলাকায় কয়েকজন যুবক ট্রাকটি লক্ষ্য করে ইট ছুড়লে ট্রাকের সামনের কাচ ভেঙে যায়। এরপর কয়েকটি পেট্রলবোমা মারা হয়। একটি বোমা মেহেদীর কোলে পড়ে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। চলন্ত গাড়িতে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। দরজা খুলে সহযোগী রুবেল বের হতে পারলেও গুরুতর দগ্ধ হন মেহেদী। প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতাল, পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। রাখা হয় আইসিইউতে।
স্বামীকে হারিয়ে স্তব্ধ হয়ে গেছেন মেহেদীর স্ত্রী কোহিনূর বেগম। দুই সন্তানের ভরণপোষণ, ট্রাকের কিস্তি শোধসহ সাংসারিক বিভিন্ন ঝামেলা সামাল দেওয়া নিয়ে বড় দুশ্চিন্তায় পড়েছেন তিনি। গতকাল বার্ন ইউনিটের পাশে দুই সন্তান নিয়ে তাঁকে চরম অসহায় অবস্থায় দেখা গেছে। সাংবাদিকদের কাছে পেয়ে তিনি প্রশ্ন ছুড়ে দেন, ‘আমরা রাজনীতি-ফাজনীতি করি না, বুঝিও না। তার পরও কেন আমার স্বামীকে জীবন দিতে হলো? আমার ছোট দুই সন্তানের কী হবে?’
কোহিনূরের পাশে তাঁর অবুঝ দুই শিশুসন্তান তখন আপন মনে খেলছিল। মেহেদীর ভাই মো. মন্টু প্রথম আলোকে বলেন, মারা যাওয়ার আগে মেহেদী হামলাকারী হিসেবে ফরিদপুরের বায়তুল আমান এলাকার অনু, কমলাপুর লালের মোড় এলাকার রাব্বী, খসরুসহ আরও দুজনের নাম বলে গেছেন।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন জানান, এ ঘটনায় ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আদনান হোসেন ওরফে অনুসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা সাত-আটজনকে আসামি করে মামলা হয়েছে। আদনানসহ দুজন গ্রেপ্তার হয়েছে।
বিকেলে ঢাকা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে মেহেদীর লাশ ফরিদপুরে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
তিন ঘণ্টা আগে: সিলেট থেকে নিজস্ব প্রতিবেদক জানান, ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মেহেদীর মৃত্যুর প্রায় তিন ঘণ্টা আগে সিলেটের ওসমানী হাসপাতালে মারা যান অটোরিকশাচালক সোয়েব। তাঁর গ্রামের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের তেলিপাড়ায়। তিনি বৃহস্পতিবার সকালে দক্ষিণ সুরমায় যাত্রী নিয়ে ঢোকার সময় ধাওয়ার মুখে দ্রুত চালানোর সময় অটোরিকশা উল্টে আহত হয়েছিলেন।