চট্টগ্রামে ছিঁচকে সন্ত্রাসী ও ছিনতাইকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারালেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইয়াছিন আরাফাত ইমন (২১)৷
গতকাল বুধবার বিকেলে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়৷ নিহত ইমন চট্টগ্রাম নগরের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের স্নাতক প্রথম সেমিস্টারের ছাত্র৷ নগরের বাকলিয়া ডিসি রোডের বাসিন্দা প্রবাসী মোহাম্মদ ইলিয়াছের ছেলে তিনি৷
নিহতের চাচা মোহাম্মদ আজাদ প্রথম আলোকে জানান, এলাকায় ছিঁচকে সন্ত্রাসী ও ছিনতাইকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করতেন ইমন৷ এলাকার চিহ্নিত ছিনতাইকারীরা স্থানীয় এক লোকের মুঠোফোন ছিনিয়ে নিলে ইমন ও তাঁর বন্ধুরা এর প্রতিবাদ করেন৷ এরই জের ধরে গত রোববার রাতে ইমনকে গুলি করে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা৷ গুলি তাঁর পেটে লাগে৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানে অবস্থার অবনতি হলে মঙ্গলবার ঢাকায় ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয়৷ গতকাল বিকেলে তাঁর মৃত্যু হয়৷
নিহত ইমন পরিবারের বড় ছেলে৷ তাঁরা দুই ভাই ও এক বোন৷ তাঁর বাবা সৌদি আরবপ্রবাসী৷
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন বলেন, ‘এলাকার ছিঁচকে সন্ত্রাসী ফয়সালের নেতৃত্বে তার সহযোগীরা ইমনকে গুলি করে৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তাঁর মৃত্যু হয়৷ একটি মুঠোফোন চুরির প্রতিবাদ করায় তারা ইমনের ওপর ক্ষুব্ধ হয়৷
এ ঘটনায় ইমনের মা মোর্শেদা বেগম বাদী হয়ে ফয়সালসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১০ থেকে ১২ জনকে আসামি করে বাকলিয়া থানায় গত সোমবার একটি মামলা করেন৷ এ ঘটনায় আরাফাত নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে৷ বািকদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে৷
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাকলিয়া ভরাপুকুর পাড় এলাকায় ফয়সাল, রানা, মিজানসহ কিছু ছিঁচকে সন্ত্রাসী মানুষের কাছ থেকে মুঠোফোনসহ বিভিন্ন জিনিস কেড়ে নেয়৷ রানার বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলা রয়েছে৷ সম্প্রতি জামিনে বেরিয়ে এসে ফের এ কাজে জড়িয়ে পড়ে সে৷