ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সায়েদাবাদ জনপদ মোড় থেকে মাতুয়াইল মেডিকেল মোড় পর্যন্ত চার কিলোমিটার সড়ক পথচারীর জন্য বিপজ্জনক। ২০১৪ সালে এই সড়কে দুর্ঘটনায় পড়ে ২১ জন মারা গেলেও এ বছরের নয় মাসে মারা গেছে ৪৪ জন। আহতের সংখ্যা ১০৫।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের মামলাসংক্রান্ত নিবন্ধন খাতা ও ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।
এলাকাবাসী জানান, বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা বেড়েই চলেছে। পর্যাপ্ত পদচারী-সেতু না থাকার কারণে প্রায় প্রতিদিন ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হচ্ছে হাজারো পথচারীকে। ফলে গাড়ির নিচে চাপা পড়ে যারা যাচ্ছে অনেকে। সড়কে বাতি না থাকায় রাতে দুর্ঘটনা বেশি ঘটে।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর পর্যন্ত আট লেন হচ্ছে। পাঁচ কিলোমিটার হয়ে গেছে। আরও তিন কিলোমিটার মতো বাকি আছে। আইল্যান্ডের পুনর্বিন্যাস হবে। যে অবস্থা আছে এ অবস্থা থাকবে না। আইল্যান্ড আরও মাঝামাঝি চলে আসবে।’
আদালতের নথিতে দেখা যায়, গত নয় মাসে রায়েরবাগ পদচারী-সেতুর পূর্ব-পশ্চিম পাশে পাঁচটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন, শনির আখড়ায় পাঁচটি ঘটনায় ছয়জন, যাত্রাবাড়ীর চৌরাস্তা মোড়ে চারটি ঘটনায় পাঁচ, সায়েদাবাদের জনপদ মোড়ে চারটি ঘটনায় ছয়, হানিফ ফ্লাইওভারে চারটি ঘটনায় পাঁচ এবং মাতুয়াইল মেডিকেল মোড়ে দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
এ ছাড়া ওই মহাসড়কের সাদ্দাম মার্কেট এলাকায়, টোটাল সিএনজির সামনে, রিগাল সিএনজির সামনে, যাত্রাবাড়ীর নিউ নিপুর ইন্টারন্যাশনাল গোলাপবাগের সামনে, দক্ষিণ যাত্রাবাড়ীর ওয়ান ব্যাংকের সামনে, বাদশা মিয়া রোডের মাথায়, যাত্রাবাড়ী-মাওয়া সড়কের সামনে একজন করে নিহত হয়েছেন।
পুলিশের ডেমরা অঞ্চলের (ট্রাফিক) জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ, শনির আখড়া, যাত্রাবাড়ীর চৌরাস্তা, সায়েদাবাদের জনপদ মোড় ও হানিফ ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটছে। মহাসড়কের আইল্যান্ডের ফাঁকা জায়গা দিয়ে পথচারী পার হওয়ায় তারাই এই দুর্ঘটনার শিকার হচ্ছে। আর ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় যারা মারা গেছে, তারা সবাই মোটরসাইকেল আরোহী।
স্থানীয় মানুষের সঙ্গে আলাপ করে জানা গেছে, শনির আখড়া থেকে মাতুয়াইল মোড় পর্যন্ত বেপরোয়া গাড়ি চলে। এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। রায়েরবাগ এলাকায় দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশের কনস্টেবল মকবুল হোসেন। তিনি বলেন, ‘আমরা নিজেরা ভয়ে থাকি। গতি এত বেশি থাকে যে গাড়ি থামানোর ইশারা দিতেও ভয় পাই।’
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খন্দকার গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, গতিসীমা নিয়ন্ত্রণের জন্য অবিলম্বে দুর্ঘটনাস্থলে যন্ত্র বসানো হবে। বেপরোয়াভাবে গাড়ি চালালেই জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।