প্রাণঘাতী ভোটে নিহতদের বেশির ভাগ আওয়ামী লীগের

ইউপি নির্বাচনে সংঘর্ষে নিহত হয় ঢাকার পার্শ্ববর্তী কেরানীগঞ্জের নয় বছরের শিশু শুভ কাজী। অথচ রাজনীতি করার বয়সই হয়নি। নির্বাচন তো তার কাছে অনেকটাই উৎসব। সেই উৎসব দেখতে গিয়েই গত ৩১ মার্চ দ্বিতীয় পর্বের ভোটে কেরানীগঞ্জের হযরতপুরের মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে গুলিতে প্রাণ হারায় এই শিশু। ওই স্কুলেরই চতুর্থ শ্রেণির ছাত্র ছিল সে। তার বাবা হালিম কাজী পেশায় অটোরিকশাচালক।
ছয় ধাপের ইউপি নির্বাচনে সহিংসতায় নিহত ব্যক্তিদের ১১৬ জনের তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে নিহতদের মধ্যে আওয়ামী লীগের সমর্থক ৭১ জন। ভোটের সংঘাতে নিহত ব্যক্তিদের মধ্যে সাতজন বিএনপির নেতা-কর্মী। বাকি ৩৮ জন সরাসরি কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। দুই পক্ষের সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে প্রাণ গেছে ১৫ জনের। বিএনপিসহ অন্য দলের নিজেদের মধ্যে এবং আওয়ামী লীগের সঙ্গে অন্য দলের সংঘর্ষে মারা গেছেন ১৫ জন। দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রাণ গেছে ২৩ জনের।
অনুসন্ধানে দেখা গেছে, দেশের ৬৪ জেলার মধ্যে ৪৫টি জেলায় ভোটের সংঘাতে প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে সবচেয়ে প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটেছে চট্টগ্রাম (আটজন) ও পিরোজপুরে (সাতজন)। এর বাইরে পাঁচজন করে মারা গেছেন কক্সবাজার ও জামালপুরে। চারজন করে মারা গেছেন এমন জেলাগুলো হচ্ছে ময়মনসিংহ, মাদারীপুর, নোয়াখালী, পটুয়াখালী, যশোর ও বগুড়া। বিভাগওয়ারি বিশ্লেষণ করলে দেখা যায়, সবচেয়ে বেশি প্রাণ ঝরেছে ঢাকা (ময়মনসিংহসহ), চট্টগ্রাম ও বরিশাল বিভাগে। ঢাকা বিভাগে ইউপি ভোটকে কেন্দ্র করে ৩৫ জন নিহত হয়েছেন। চট্টগ্রাম ও বরিশাল বিভাগে এ সংখ্যা যথাক্রমে ২৩ ও ১৬।
ইউপি ভোটে নিহত ব্যক্তিদের মধ্যে প্রার্থীরা ছাড়াও তাঁদের স্বজন ও সমর্থকেরা রয়েছেন। তাঁরা কোনো না কোনোভাবে নির্বাচন-প্রক্রিয়া ও রাজনীতিসংশ্লিষ্ট ছিলেন। এর বাইরে রিকশাচালক ও চা-বিক্রেতাও আছেন। দুই কিশোর ও এক শিশুও মারা গেছে এবারের ইউপি নির্বাচনে। তাদের বেশির ভাগই নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ছিল না, ঘটনার শিকার।
গত ৩১ মার্চ ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটে মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বিরাঙ্গল গ্রামে ভোট গণনার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সুজন মৃধা পুলিশের গুলিতে মারা যান। তিনি দক্ষিণ বিরাঙ্গল গ্রামের বাচ্চু মৃধার ছেলে। এ ঘটনায় সুজনের সহপাঠীরা বিচার চেয়ে শাহবাগে সড়ক অবরোধ করেন। কিন্তু এখন পরিবারের মধ্যে একরাশ হতাশা ছাড়া আর কিছুই নেই।
সুজনের চাচা ফারুক মৃধা প্রথম আলোকে বলেন, সুজনের বাবা সিএনজি অটোরিকশা, রিকশা চালিয়ে ছেলেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছিলেন। সুজন নিহত হওয়ার পর তাঁর পরিবার থানায় চেষ্টা করেও মামলা করতে পারেনি। পরে আদালতে একটি অভিযোগ জমা দিয়েছে। কিন্তু এর কোনো অগ্রগতি নেই।
চট্টগ্রামের পটিয়ার মো. হোসেন পেশায় রিকশাচালক। এলাকায় ইউপি ভোটের দিন তাঁর রিকশায় করে ভোটারদের আনা-নেওয়ার কাজ করছিলেন তিনি। হঠাৎ সংঘর্ষের মধ্যে প্রাণ যায় এই খেটে খাওয়া মানুষটির।
নির্বাচনে সংঘাত-প্রাণহানির বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘নিহত ব্যক্তির পরিচয়-হিসাব আমরা এখনো করিনি। তবে এ বিষয়ে আমাদের বক্তব্য নেই। তবে এটুকু বলতে পারি, আমরাও সহিংসতা কমাতে চেয়েছি, চাই। ভবিষ্যতে যাতে আরও ভালো ভোট হয় সে বিষয়ে কাজ চলছে।’