প্রাণচাঞ্চল্য ফিরেছে কর্মী-সমর্থকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। গ্রামের হাটবাজারে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের মধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানান জল্পনা-কল্পনা।
উপজেলার বিভিন্ন গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তফসিল ঘোষণার পর থেকেই সম্ভাব্য প্রার্থীরা গ্রামের লোকজনের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে দেখা হয় সম্ভাব্য প্রার্থী ও বিএনপির-সমর্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার মাহবুবার রহমানের সঙ্গে। তিনি বলেন, প্রার্থী হতে সাধারণ কর্মী ও সমর্থকেরা তাঁকে চাপ দিচ্ছেন। একই দলের আরেক সম্ভাব্য প্রার্থী উপজেলার কুসুম্বী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলমও তৎপর হয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহজামাল সিরাজী বলেন, দলীয় কর্মী-সমর্থকদের সমর্থনে প্রার্থী হওয়ার জন্য তিনি কাজ করছেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, কেন্দ্রীয়ভাবে সম্মতি থাকলে তিনি প্রার্থী হবেন।
সাতারা গ্রামের বিএনপির কর্মী আসলাম হোসেন বলেন, কে কে প্রার্থী হতে যাচ্ছেন—এ নিয়ে ভোটারদের মধ্যে আলোচনা চলছে। গাড়িদহের বিএনপির কর্মী আলতাব হোসেন বলেন, স্থানীয় একাধিক দলের ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে আগ্রহী। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান বলেন, চেয়ারম্যানসহ অন্যান্য পদে কারা দলের সমর্থন পাচ্ছেন—দু-এক দিনের মধ্যে তা চূড়ান্ত হয়ে যাবে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান বলেন, ভোটের বিকল্প নেই। নির্বাচনে দলীয় সম্মতি থাকলে স্থানীয়ভাবে দল আরও সুসংঘটিত হবে। উপজেলা জামায়াতের সেক্রেটারি দবিবর রহমান বলেন, তাঁদের দল-সমর্থিত প্রার্থী উপজেলা নির্বাচনে অংশ নেবেন।