দিনাজপুরে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে দুজনের প্রাণণাশের ঘটনার পর গতকাল শুক্রবার ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত ছিল। কয়েকটি পরীক্ষাও হয়েছে। ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রুহুল আমিন শুক্রবার প্রথম আলোকে বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে গত নভেম্বরে ১১ ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল। এঁদের মধ্যে সংঘর্ষে নিহত ওই দুই ছাত্রও ছিল। বৃহস্পতিবার একদল বহিরাগতকে সঙ্গে নিয়ে বহিষ্কৃত ছাত্ররা ওই সংঘর্ষে লিপ্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ টি এম শফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ঘটনার পর রাত ১১টার দিকে উপাচার্যের বাসভবনের কার্যালয়ে একাডেমিক কাউন্সিলের জরুরি সভা হয়। উপাচার্য মো. রুহুল আমিনের সভাপতিত্বে সভায় প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনাবিষয়ক পরিচালক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানেরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সবাই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত রাখা ও বিশ্ববিদ্যালয় বন্ধ না করার পক্ষে মত দেন। এছাড়া ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন মো. আনিস খানকে আহ্বায়ক এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক শাহাদাৎ হোসেন খানকে সদস্যসচিব করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী দুই কার্য দিবসের মধ্যে কমিটিকে উপাচার্যের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এদিকে জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেছেন, হতাহতের ঘটনার পর শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম গত বৃহস্পতিবার ও গতকাল দুই দফা পরিস্থিতির খোঁজ নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পরিবেশ যেন কোনোভাবেই অশান্ত না হয়, সে ব্যাপারে সব ধরনের প্রশাসনিক পদক্ষেপ নিতে নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। সংঘর্ষে দুই ছাত্র নিহত ও ২০ জন আহত হওয়ার এই ঘটনাকে ‘সহজভাবে দেখার নয়’ বলেও মন্তব্য করেন জেলা প্রশাসক।
নিহত দুজনের পরিচয় সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক শাহাদাৎ হোসেন বলেন, মো. জাকারিয়া বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁর বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ভেড়ভেড়ি গ্রামে। অন্যজন কৃষি অনুষদের চতুর্থ বর্ষের ছাত্র মো. মাহমুদুল হাসান ওরফে মিল্টন। তাঁর বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ভাবকী গ্রামে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধে জাকারিয়া ও মিল্টনসহ ১১ জনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। কিন্তু পরে রিজন বোর্ডের সভার অনুরোধে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অরুণ কান্তি রায়, সহসভাপতি অনিন্দ দত্তসহ তিনজনের বহিষ্কারাদেশ বহাল রেখে অন্য আটজনের স্থগিত রাখা হয়।
শাহাদাৎ হোসেন আরও বলেন, গত বৃহস্পতিবার রাতে বহিরাগতদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত একদল সাবেক ছাত্র অনুষ্ঠান চলাকালে মিলনায়তনে হামলা চালিয়ে তিনজন শিক্ষক, কমপক্ষে ২০ জন ছাত্রকে জখম করে। অনুষ্ঠান পণ্ড করে দিয়ে সন্ত্রাসীরা ক্যাম্পাসের শেখ রাসেল হল দখল করে সেখানে অবস্থানরত সাধারণ ছাত্রদের ওপরে হামলা করে। সাধারণ ছাত্রদের জখম করে হলের দখল নেয় ওই সন্ত্রাসীরা। পরে ক্যাম্পাসে অবস্থানকারী সাধারণ ছাত্ররা বিক্ষুদ্ধ হয়ে জোট বেঁধে রাতে আবার শেখ রাসেল হলে প্রবেশ করতে চাইলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় দুজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মিল্টন ছাত্রলীগের সদস্য ছিলেন। তাঁকে নভেম্বরে শেখ রাসেল হল থেকে বিতাড়িত করা হয়। জাকারিয়াও ছাত্রলীগ কর্মী ছিলেন।
দিনাজপুর পুলিশের সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে বেলা দুইটার দিকে পরিবারের সদস্যদের কাছে লাশ দুটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান বলেন, ক্যাম্পাসে এই সন্ত্রাসী হামলা ও, হতাহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ১৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে এজাহার দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে মামলা আকারে নথিভুক্ত করা হবে।