চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুরের সংখ্যালঘু পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা মামলার সাক্ষীদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মামলার আসামি আমিন চেয়ারম্যান ও তাঁর সহযোগীরা এ হুমকি দিচ্ছেন বলে কয়েকজন সাক্ষী অভিযোগ করেন।গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে ১১ জনকে পুড়িয়ে হত্যা মামলার কয়েকজন সাক্ষী সংবাদ সম্মেলন করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মামলার এক নম্বর সাক্ষী সার্জেন্ট (অব.) জাফরুল ইসলাম। বিভিন্ন প্রশ্নের জবাব দেন সাক্ষী হোসনে আরা বেগম, আবদুল মালেক তালুকদার, দেলোয়ার হোসেন। সাক্ষীরা অভিযোগ করেন, তাঁদের প্রাণনাশের হুমকির পাশাপাশি বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করছে আসামিরা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মামলার সাক্ষীরা অভিযোগ করেন, ১১ জনকে পুড়িয়ে হত্যার পর থেকে বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী তাঁর চাচাতো ভাই ইউপি চেয়ারম্যান আমিনুর রহমানকে বাঁচাতে প্রশাসনে চাপ সৃষ্টি করেন এবং মামলার সাক্ষী ও বাদীদেরও নানাভাবে হুমকি দেন। ২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুর গ্রামের শীলপাড়ায় একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা করা হয়।