প্রাণবন্ত একটি দিন
বিপুল উৎসাহের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার সপ্তম এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের জামালপুর অঞ্চলের উৎসব হয়েছে। জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এ উৎসবের আয়োজন করা হয়। প্রাতঃসমাবেশ, ৩০ মিনিটের পরীক্ষা, ভাষাবিদদের সঙ্গে শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের কাছে দিনটি হয়ে ওঠে খুবই প্রাণবন্ত। উৎসবের শুরুতে সকাল সাড়ে নয়টায় জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীরা জাতীয় সংগীত পরিবেশন করে। একই সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক খান এবং ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন বাংলা একাডেমীর উপপরিচালক আমিনুর রহমান সুলতান। জাতীয় সংগীতের পর কবুতর উড়িয়ে উৎসবের শুভ উদ্বোধন করেন জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক খান।জামালপুর অঞ্চলের ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, শেরপুর ও জামালপুর—এই ছয়টি জেলার ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০০ শিক্ষার্থী এই উৎসবে অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে শ্রেণীকক্ষে যায় পরীক্ষা দেওয়ার জন্য।শিক্ষার্থীদের ৩০ মিনিটের পরীক্ষা শেষে মূল অনুষ্ঠান প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। প্রথম আলোর সহকারী সম্পাদক জাফর আহমদের উপস্থাপনায় এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই পর্ব প্রাণবন্ত হয়ে ওঠে। ‘প্রতিযোগিতা’ না হয়ে ‘প্রতিযোগ’ হলো কেন? শ্রদ্ধাঞ্জলি বানানে ‘লি’ হয় কেন? শিক্ষার্থীদের এমন মজার মজার প্রশ্নের উত্তর দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মঞ্জুর, বাংলা একাডেমীর উপপরিচালক আমিনুর রহমান সুলতান, সরিষাবাড়ী ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবদুল মান্নান ও জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের প্রভাষক স্বরূপ কুমার কাহালী।সমাপনী অনুষ্ঠানে প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক শিক্ষর্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান। তিনি শিক্ষার্থীদের বলেন, ‘আমাদের তিনটি মা আছে। একটি নিজের মা, আরেকটি ভাষা, অন্যটি দেশ। বাংলাদেশ আমাদের মায়ের মতন। আমাদের এই মায়ের মুখ মলিন হলে চোখের জলে ভাসতে হবে।’ তিনি শিক্ষার্থীদের সুন্দর করে নিজের কাজটুকু করার কথা বলেন। এইচএসবিসির ভাইস প্রেসিডেন্ট ফজলে হাসান আকবর বলেন, ছোট ছোট শিক্ষার্থীদের বাংলা ভাষার ওপর দক্ষতা দেখে ভালো লাগল। তাদের প্রশ্ন করার ধরন দেখে অবাক হতে হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক খান, প্রথম আলোর প্রতিনিধি মোস্তফা মনজু, বন্ধুসভার সভাপতি প্রভাষক আনোয়ারুল ইসলাম প্রমুখ। উৎসবে বিজয়ীদের মধ্যে পুরস্কার ঘোষণার আগে ক্লোজআপ ওয়ান তারকা পুলক কয়েকটি গান গেয়ে শোনান। অনুষ্ঠানে জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মাহবুবা হক কেয়া লোকসংগীত ও জহিন আক্তার জ্যোতি নজরুলসংগীত পরিবেশন করে। এ ছাড়া জামালপুর বন্ধুসভার বন্ধুরা এসিড-সন্ত্রাসবিরোধী নাটিকা পরিবেশন করে।পরে উৎসবের চারটি বিভাগে বিজয়ী ৫২ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।