প্রাণবন্ত ভাষা উৎ সব
আমাদের ভাষা বাংলা হয়েছে কেন। ইংরেজিও তো হতে পারত। বাংলা ব্যাকরণ কি ইংরেজি ব্যাকরণ থেকে দুর্বল বা ইংরেজি ভাষা কি বাংলা ভাষা থেকে সহজ। পাকিস্তানি শাসকগোষ্ঠীরা আগে আমাদের ভাষার ওপর কেন আঘাত করল। টিভি চ্যানেল ও রেডিওতে ভাষার বিকৃত প্রয়োগের প্রভাব কতটুকু গ্রহণযোগ্য। এ রকম নানা প্রশ্নে নোয়াখালী অঞ্চলের স্কুল-কলেজের শিক্ষার্থীরা গতকাল শুক্রবার মুখর করে রেখেছিল ভাষা উৎ সব। এইচএসবিসি-প্রথম আলো সপ্তম ভাষা প্রতিযোগ ২০১১ গতকাল শুক্রবার থেকে নোয়াখালী অঞ্চলের উৎ সবের মধ্য দিয়ে শুরু হয়েছে। বসন্তের রৌদ্রকরোজ্জ্বল সকালেই নোয়াখালী জেলা শহর ও প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা উপস্থিত হতে থাকে নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে। ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা ও নোয়াখালী জেলার ৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৭০০ শিক্ষার্থী দিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশ নেয়। তাদের সঙ্গে ছিলেন অভিভাবক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা। সকাল ১০টায় জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় ভাষা প্রতিযোগ উৎ সব। নোয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজিনা আক্তার জাতীয় পতাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আজিজুল হক ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন। এরপর শুরু হয় ৩৫ নম্বরের লিখিত পরীক্ষা। পরীক্ষা শেষ হলে বিশাল প্যান্ডেলে হয় উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব। এ সময় শিক্ষার্থীরা নানা কৌতূহলোদ্দীপক প্রশ্ন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। ব্যতিক্রমধর্মী প্রশ্ন করে অতিথিদের কাছ থেকে পুরস্কার জিতে নেয় শারিকা তাজনীন, মো. মর্তুজা, তানভির আউয়ালসহ অনেকে।মুক্তিযুদ্ধে সি-জোনের কমান্ডার মো. মোশারফ হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে যুদ্ধকালীন অভিজ্ঞতা বর্ণনা করেন। সহযোদ্ধাদের বীরত্বপূর্ণ যুদ্ধ এবং বন্ধুদের আত্মবলিদানের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। এরপর শুরু হয় বাংলা ভাষার নানা দিক নিয়ে আলোচনা। অধ্যাপক সৈয়দ আজিজুল হক বলেন, ‘ভাষার মাধ্যমে আমাদের দেশ বিশ্বের মাঝে পরিচিতি পেয়েছে। তাই আমরা এমন কোনো কাজ করব না, যাতে দেশের কোনো অমর্যাদা হয়।’ বেসরকারি ব্যাংক এইচএসবিসির সহকারী ব্যবস্থাপক মো. নেয়ামত উল্লাহ বাংলাদেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর প্রতিষ্ঠানের আগ্রহের কথা ব্যক্ত করে বলেন, ভাষা প্রতিযোগ নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষার প্রতি আরও মনোযোগী করে তুলবে। ভাষা প্রতিযোগ পর্ষদ ২০১১-এর সমন্বয়ক ও প্রথম আলোর সহকারী সম্পাদক জাফর আহমদ বলেন, ‘প্রথম আলো পত্রিকার মাধ্যমে শুধু সংবাদই প্রকাশ করে না। ভাষা প্রতিযোগ, গণিত উৎ সব, বিতর্ক প্রতিযোগিতা, এসিড-সন্ত্রাস ও মাদকবিরোধী আন্দোলনের মাধ্যমে সমাজের বিভিন্ন অঙ্গনের মানুষের মধ্যে প্রেরণা জুগিয়ে আসছে।’অনুষ্ঠানের ফাঁকে প্রথম আলো বন্ধুসভার সদস্য চট্টগ্রাম বেতার কেন্দ্রের শিল্পী মনিরানী দেবীর দেশাত্মবোধক গান ‘আমি বাংলার গান গাই’ আর পল্লিগীতি ‘উজান গাঙের নাইয়া’, ‘ভাটির দেশের নাইয়া’ উপস্থিত সবাইকে বেশ আনন্দ দেয়।জাফর আহমদ ও কাজী রেজাউল করিমের সঞ্চালনায় উৎ সবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, লক্ষ্মীপুরের জিল্লুর রহিম কলেজের বাংলা বিভাগের প্রভাষক নিজাম উদ্দিন প্রমুখ। পুরো আয়োজনের সমন্বয় করেন প্রথম আলোর নোয়াখালী প্রতিনিধি মাহবুবুর রহমান। তাঁকে সহায়তা করেন নোয়াখালী বন্ধুসভার সদস্যরা।সর্বশেষে ঘোষণা করা হয় ফলাফল। এতে ৫২ জন বিজয়ীকে পদক, সনদ ও বই পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে প্রাথমিক বিভাগে নোয়াখালী সরকারি বালিক উচ্চবিদ্যালয়ের ফারিয়া সিরাজী, নিম্নমাধ্যমিকে মাইজদী বালিকা বিদ্যানিকেতনের আদ্রি ভৌমিক, মাধ্যমিকে নোয়াখালী জিলা স্কুলের দ্বীপ্ত প্রীতম নাথ এবং উচ্চমাধ্যমিকে নোয়াখালী সরকারি কলেজের নাহিদ নাজিয়া প্রথম পুরস্কার পায়।