প্রাণভিক্ষা চাইলে বিদেশে থেকেও রাষ্ট্রপতি নিষ্পত্তি করতে পারবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের গুপ্তঘাতক কুখ্যাত আলবদর বাহিনীর নেতা মীর কাসেম আলী প্রাণভিক্ষা চাইলে বিদেশে বসেই রাষ্ট্রপতি তার নিষ্পত্তি করতে পারবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, মীর কাসেমের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার অধিকার আছে। সেটা যদি তিনি প্রয়োগ করেন, তবে সেটা রাষ্ট্রপতির কাছে পৌঁছাবে। সেই প্রক্রিয়া শেষ হলেই রায় কার্যকর হবে।

আনিসুল হক বলেন, বিদেশে থাকলে রাষ্ট্রপতি নথি দেখতে পারবেন না, এ রকম বিষয় আইনের মধ্যে নেই। তাঁরা যদি ক্ষমা চেয়ে আবেদন করেন, সেটাকে দ্রুত নিষ্পত্তি করার ব্যবস্থা আইনে যা আছে, সেটাই করা হবে।
প্রসঙ্গত, স্বাস্থ্য পরীক্ষার জন্য গত রোববার যুক্তরাজ্য গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগামী ৪ সেপ্টেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

মানবতাবিরোধী অপরাধীর আগের রায়ের কার্যকরের প্রক্রিয়া তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ‘প্রাণভিক্ষার আবেদনের জন্য সাত দিনের অপেক্ষা আমরা করে থাকি। আমাদের কাছে মনে হয়, সাত দিন অত্যন্ত যুক্তিসংগত সময়।’ মন্ত্রী বলেন, দণ্ড কার্যকরের জন্য রায়ের অনুলিপি আপিল বিভাগ থেকে বিচারিক আদালত হয়ে কারাগারে যেতে হবে; সে জন্য অপেক্ষা করতে হবে।

রিভিউ রায়েও মীর কাসেমের মৃত্যুদণ্ড বহাল থাকায় সন্তোষ প্রকাশ করে আইনমন্ত্রী বলেন, ‘আজ আমাদের সবার জন্য একটি স্বস্তির দিন। সবার জন্য স্বাধীনতা আরও ভালোভাবে ভোগ করার দিন। বাংলাদেশের জনগণের সঙ্গে আমিও আজ স্বস্তির নিশ্বাস ফেলছি।’ আগের রায়গুলোর মতো মীর কাসেমের রায়ও যথানিয়মে কার্যকর করার প্রত‌্যয়ের কথা জানান তিনি।

আপিল বিভাগে এ মামলার শুনানির সময় প্রসিকিউশন ও তদন্ত সংস্থার কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি এস কে সিনহা। এ প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি যখন কোনো মন্তব্য করেন, তখন সেটা প্রণিধানযোগ্য, সেটাকে বিবেচনা করা উচিত। কিন্তু বিবেচনারও একটা সময় দিতে হয়।