প্রাণভিক্ষা চাইলেন জঙ্গি নেতা মুফতি হান্নান
হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছেন। গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারে বন্দী ফাঁসির দণ্ডপ্রাপ্ত জঙ্গি নেতা মুফতি হান্নান কারা কর্তৃপক্ষের মাধ্যমে সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে প্রাণভিক্ষার আবেদন করেন।
কাশিমপুর কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জেল সুপার জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে মুফতি হান্নান লিখিতভাবে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়েছেন। তবে তাঁর সহযোগী শরীফ শাহেদুল আলম বিপুল এখন পর্যন্ত প্রাণভিক্ষা চাননি। তাঁর কাগজপত্র তৈরি করতে কিছু বিলম্ব হচ্ছে। তবে তিনিও লিখিতভাবে প্রাণভিক্ষা চাইবেন।
গত ২২ মার্চ রিভিউ খারিজের রায় পড়ে শোনানো হয় ওই দুই জঙ্গি নেতাকে। ওই দিন দুপুরে কারা কর্তৃপক্ষ জানতে চাইলে তাঁরা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার চাইবেন বলে জানান।
ঢাকায় নিযুক্ত সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ওই দুজন জঙ্গি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে কনডেমড সেলে বন্দী রয়েছে। অন্যজন দেলোয়ার হোসেন রিপন সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দী। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিপন ইতিমধ্যে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন।