প্রাণভিক্ষা নিয়ে সিদ্ধান্ত দেননি কামারুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামারুজ্জামান
কামারুজ্জামান

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। গতকাল বৃহস্পতিবার সকালে কামারুজ্জামানের সঙ্গে দেখা করে বের হয়ে আসার পর তাঁর আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, ক্ষমা চাওয়ার ব্যাপারে তিনি ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। তিনি তাঁর সিদ্ধান্তের কথা কারা কর্তৃপক্ষকে জানাবেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বলেন, কামারুজ্জামান প্রাণভিক্ষা চাইবেন কি না, সে সিদ্ধান্ত বৃহস্পতিবারই জানাতে হবে। তাঁর সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দেখা করে প্রাণভিক্ষার ব্যাপারে জানতে চাইবেন।
কামারুজ্জামান সিদ্ধান্ত জানাতে কত সময় পাবেন জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ভেবেচিন্তে বলুক আর যেভাবে বলুক। আমরা তাঁর কথাটির জন্য অপেক্ষা করছি। তিনি যদি ক্ষমা ভিক্ষা না চান, তাহলে যেটা আইন অনুযায়ী করণীয় সেটা আমরা করব। এ প্রক্রিয়া যথাযথভাবেই শেষ হবে। আমাদের ম্যাজিস্ট্রেট তাঁর কাছে যাবে। তাঁর বক্তব্য অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
তবে প্রাণভিক্ষার ব্যাপারে চিন্তাভাবনা করার জন্য তিনি কত সময় পাবেন জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গতকাল তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, প্রাণভিক্ষার আবেদন করার জন্য কামারুজ্জামান যৌক্তিক সময় পাবেন। যৌক্তিক সময় মানে কত দিন, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাণভিক্ষার আবেদন লিখতে যতটা সময় প্রয়োজন ঠিক ততটা সময় দেওয়াই যৌক্তিক। তবে এই যৌক্তিক সময় মানে সাত দিন নয়।
প্রাণভিক্ষার আবেদনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে সুনির্দিষ্ট করে সময় বেঁধে দেওয়া নেই। এ ছাড়া এই আইনের অধীনে জেলকোড প্রযোজ্য হবে না। তবে আবদুল কাদের মোল্লার ফাঁসির সাজা পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজের রায়ে আপিল বিভাগ বলেছেন, প্রাণভিক্ষার আবেদন করার জন্য যৌক্তিক সময় দিতে হবে।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ট্রাইব্যুনালস আইনের ২০(৩) ধারায় বলা আছে, এই আইনের অধীনে যে সাজা দেওয়া হবে তা সরকারের নির্দেশ অনুসারে কার্যকর হবে। আর এটাও বলা আছে, অন্য কোনো আইনে যাই থাকুক না কেন, এই আইন প্রাধান্য পাবে। তাই এখানে জেলকোড প্রযোজ্য হবে না।
গত বুধবার সন্ধ্যায় কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ আদেশের কপি কারাগারে পৌঁছায়। কারা কর্তৃপক্ষ রায় পড়ে তাঁকে শোনায়। এরপর তাঁর কাছে জানতে চায় তিনি প্রাণভিক্ষার আবেদন করবেন কি না। কামারুজ্জামান এ ব্যাপারে আইনজীবীর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত জানানোর কথা বলেন। সেই অনুযায়ী গতকাল সকালে তাঁর আইনজীবীরা কারাগারে দেখা করেন।
কারাসূত্র জানায়, কারা প্রশাসনের ফোন পাওয়ার পর গতকাল বেলা পৌনে ১১টায় কামারুজ্জামানের আইনজীবী শিশির মনিরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি আইনজীবী দল কারাগারে যায়। এ সময় শিশির মনির ছাড়াও এহসান সিদ্দিকী, মতিউর রহমান আকন্দ, মজিবুর রহমান ও মুজাহিদুল ইসলাম নামের অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। দুপুর পৌনে ১২টায় তাঁরা কারাগার থেকে বেরিয়ে আসেন।
ক্ষমা চাওয়ার ব্যাপারে জানতে চাইলে শিশির মনির বলেন, কামারুজ্জামান ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। তিনি তাঁর সিদ্ধান্তের কথা কারা কর্তৃপক্ষকে জানাবেন। তবে ভাবনা-চিন্তার জন্য কামারুজ্জামান নির্দিষ্ট করে কত দিন সময় নিয়েছেন সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি শিশির মনির। শিশির মনির বলেন, কামারুজ্জামান সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত রায় কার্যকর করা উচিত হবে না।
কামারুজ্জামানের সঙ্গে কী কথাবার্তা হয়েছে, জানতে চাইলে শিশির মনির সাংবাদিকদের জানান, ‘কামারুজ্জামান কারা কর্তৃপক্ষের মাধ্যমে তাঁর আইনজীবীদের সঙ্গে দেখা করার কথা জানিয়েছিলেন। কারা কর্তৃপক্ষ ফোনে বিষয়টি আমাদের জানায়। সেই হিসেবে আমরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি জানিয়েছেন, রিভিউ আবেদন খারিজ করে দিয়ে আদালতের রায় কামারুজ্জামানকে পড়ে শোনানো হয়েছে। রায় শুনে তিনি আইনগত বিভিন্ন বিধিবিধান আমাদের কাছে জানতে চেয়েছেন। আমরা তা তাঁকে জানানোর চেষ্টা করেছি।’
কোন কোন বিধিবিধান তুলে ধরা হয়েছে প্রশ্ন করলে শিশির মনির বলেন, ‘আইনে অনেক কিছু কনফিডেনশিয়াল থাকে। তবে আমি আপনাদের এতটুকু বলতে পারি, মহামান্য বিচারপতিরা আমাদের যেসব আর্গুমেন্ট রিজেক্ট করেছেন, এসব ব্যাপারে আমাদের যে অবস্থান, সে সম্পর্কে আমরা তাঁকে বলেছি।’
ভেবে দেখতে কত দিন সময় চেয়েছেন কামারুজ্জামান, জানতে চাইলে শিশির মনির বলেন, ‘জেলকোড (কারাবিধি) অনুযায়ী রায় যেদিন হয় এর পর থেকে আসামির সাত দিন পর্যন্ত সময় পাওয়ার কথা। একটি গণমাধ্যমে এসেছে, কামারুজ্জামান ভেবে দেখার জন্য এক দিন সময় চেয়েছেন। এটা ঠিক নয়। কামারুজ্জামান আমাদের জানিয়েছেন, সময় নেওয়ার ব্যাপারে কারা কর্তৃপক্ষের কারও সঙ্গে তাঁর আলোচনা হয়নি। এক দিন, দুই দিন, তিন দিন—ভাবনা-চিন্তার জন্য কামারুজ্জামান সময় নিতে পারেন। তাঁর সিদ্ধান্ত নেওয়ার আগে রায় কার্যকর করা আইনগতভাবে সঠিক হবে না এবং তা উচিতও নয়।’
কামারুজ্জামানের ক্ষেত্রে কারাবিধি প্রযোজ্য হবে কি না, প্রশ্ন করলে শিশির মনির বলেন, কারাবিধি প্রযোজ্য হবে না যাঁরা বলছেন, তাঁরা ভুল ধারণা থেকেই এমনটি বলছেন। রায়ের কোথাও কারাবিধি প্রযোজ্য না হওয়ার কথা উল্লেখ নেই। এমনকি কাদের মোল্লার রিভিউ আবেদন খারিজ করে দেওয়া রায়েও কারাবিধি প্রযোজ্য না হওয়ার কথা উল্লেখ নেই।
এদিকে কারাসূত্র জানিয়েছে, আইনজীবীর সঙ্গে কথা বলা ছাড়া কামারুজ্জামান দিনভর আর কারও সঙ্গে কোনো কথা বলেননি। তিনি শুধুই প্রার্থনা করছেন। কারাগারের জেলার তাঁর কাছে জানতে চাইবেন কোনো বিষয়ে বিশেষ কোনো ইচ্ছে আছে িক না।
একাত্তরে শেরপুরের সোহাগপুর গ্রামে ১৪৪ জনকে হত্যা ও নারী নির্যাতনের দায়ে ২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে আসামিপক্ষ। গত বছরের ৩ নভেম্বর সোহাগপুর হত্যাকাণ্ডের দায়ে সংখ্যাগরিষ্ঠ মতে কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হলে ৫ মার্চ তা পুনর্বিবেচনার আবেদন করেন কামারুজ্জামান। দুই দফা শুনানি পেছানোর পর গত রোববার আপিল বিভাগে ওই আবেদনের শুনানি হয়।