প্রাণভিক্ষার আবেদন করলেন মুফতির সহযোগীও
সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত মুফতি হান্নানের সহযোগী দেলোয়ার হোসেন ওরফে রিপন প্রাণভিক্ষার আবেদন করেছেন।
আজ সোমবার দুপুরের দিকে সিলেট কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের কাছে দেলোয়ার হোসেন প্রাণভিক্ষার আবেদন করেছেন।
জ্যেষ্ঠ কারা সুপার ছগির মিয়া প্রথম আলোকে বলেন, মৃত্যুদণ্ডের পরোয়ানা পড়ে শোনানোর পর সাত দিনের মধ্যে প্রাণভিক্ষার আবেদন করতে হয়। সাত দিন পূর্ণ হওয়ার এক দিন আগে দেলোয়ার আজ আবেদন করলেন। এই আবেদন বিধি অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি বরাবর পাঠানো হবে।
কারাসূত্র জানায়, প্রাণভিক্ষার আবেদনে দেলোয়ার নিজেকে জঙ্গি বলে অস্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন। গত বুধবার দেলোয়ারকে রিভিউয়ের রায় ও মৃত্যুপরোয়ানা পড়ে শোনানো হয়েছিল।
রিভিউ খারিজ হওয়ার পর এর আগে মুফতি হান্নানসহ দুজন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার কথা জানান।
২০০৪ সালের ২১ মে সিলেটে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত এবং আনোয়ার চৌধুরীসহ ৭০ জন আহত হন। এ ঘটনায় দায়েরকৃত মামলায় ২০০৮ সালের ২৩ ডিসেম্বর মুফতি হান্নান, শরীফ শাহেদুল ওরফে বিপুল, দেলোয়ার হোসেন ওরফে রিপনকে মৃত্যুদণ্ড এবং মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন সিলেট দ্রুত বিচার আদালত।
এই রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা। গত বছরের ১১ ফেব্রুয়ারি আগের রায় বহাল রাখেন হাইকোর্ট। পরে আসামিদের আপিল গত ৭ ডিসেম্বর খারিজ করে দেন আপিল বিভাগ। ১৭ জানুয়ারি পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে গত ২৩ ফেব্রুয়ারি আসামিরা রিভিউ আবেদন করেন। ১৯ মার্চ ওই আবেদন খারিজ হয়। ২১ মার্চ রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।