প্রাণভিক্ষার আবেদন নিয়ে কোনো অস্পষ্টতা নেই: আনিসুল হক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মুহম্মদ মুজাহিদ যে প্রাণভিক্ষা চেয়েছেন, এ ব্যাপারে কোনো অস্পষ্টতা নেই। আজ শনিবার গুলশানে নিজ বাসবভনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এ দুই দণ্ডপ্রাপ্ত আসামির প্রাণভিক্ষা চাওয়া নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে—এ বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘এখানে কোনো অস্পষ্টতা থেকে যাচ্ছে বলে আমার তো মনে হয় না। আমি তো পরিষ্কারভাবেই আপনাদের বলছি।’ তিনি বলেন, ‘আমি আরও পরিষ্কার করে দিই। আমি বলতে চাই, যে দরখাস্তটা তাঁরা করেছেন, সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের ৪৯ অনুচ্ছেদে মহামান্য রাষ্ট্রপতির ক্ষমা করার যে ক্ষমতা। সে ক্ষমতা প্রয়োগ করার জন্য তাঁরা আবেদন করেছেন। আমি যেটা বলছি না, সেটা হচ্ছে যে, এক. এ আবেদনের মধ্যে তাঁরা কী লিখেছেন। দুই. আমাদের কী মতামত। আবেদনটি মহামান্য রাষ্ট্রপতির কাছে করা হয়েছে। তাই মহামান্য রাষ্ট্রপতির কাছে না পৌঁছানো পর্যন্ত আমি এ ব্যাপারে কথা বলতে পারি না।
আইনমন্ত্রী বলেন, ‘আমি মহামান্য রাষ্ট্রপতির কাছে কী মতামত দিয়েছি, তা তাঁর কাছে কাগজ না পৌঁছানো পর্যন্ত এ ব্যাপারেও আমি কাউকে কিছু বলতে পারি না। এটা আমার সাংবিধানিক দায়িত্ব।’ তিনি বলেন, যদি এটা ৪৯ অনুচ্ছেদের ক্ষমতা প্রয়োগ করার দরখাস্ত না হতো, তাহলে এটা কী কনসিডারেশনের কোনো প্রয়োজন থাকত। ব্যস, শেষ।’