প্রাণভিক্ষার আবেদনের প্রমাণ সরকারের হাতে আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধে ফাঁসি হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরী রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাননি বলে তাঁর পরিবারের দাবি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পরিবার বললে তো হবে না। তারা (সালাউদ্দিন-মুজাহিদ) যে আবেদন করেছেন, তার প্রমাণ সরকারের হাতে আছে।
আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘তাদের পরিবারের হয়তো নলেজের অভাব ছিল। আবেদন তো আমাদের কাছে এসেছে। তাদের জানান কথা নয়।’
মানবতাবিরোধী অপরাধে গতকাল শনিবার সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করা হয়। দুই পরিবারই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার কথা অস্বীকার করছে।
মন্ত্রী বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী ক্ষমার আবেদন করেছিলেন। তারা ক্ষমা না চাইলে মন্ত্রণালয় কেন এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে কয়েক ঘণ্টা ছোটাছুটি করল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাকা চৌধুরী ও আলী আহসান মুজাহিদ ক্ষমা চাইবেন তা মনে করিনি। কিন্তু প্রথমে মুজাহিদ ও পরে সাকা চৌধুরী যে আবেদন দিলেন তাতে সংবিধানের ৪৯ অনুচ্ছেদের কথা ছিল। মুজাহিদের আবেদনের শিরোনামেই ৪৯ অনুচ্ছেদের কথা ছিল।
প্রসঙ্গত সংবিধানের ৪৯ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যেকোনো দণ্ডের মার্জনা, বিলম্বন ও বিরাম মঞ্জুর করিবার এবং যেকোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করিবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে।’