
প্রাণভিক্ষার আবেদনের বিষয়ে গতকাল বৃহস্পতিবারও সিদ্ধান্ত জানাননি ফাঁসির দণ্ড পাওয়া মীর কাসেম আলী। গতকাল কারা কর্মকর্তারা তাঁর সঙ্গে দেখা করলে তিনি এ বিষয়ে ‘চিন্তা করার’ জন্য আরও সময় চেয়েছেন বলে এক কারা কর্মকর্তা জানিয়েছেন।
এদিকে গত বুধবার মীর কাসেমের সঙ্গে সাক্ষাৎ শেষে তাঁর স্ত্রী খন্দকার আয়েশা খাতুন বলেছিলেন, ছেলেকে ছাড়া মীর কাসেম আলী প্রাণভিক্ষার আবেদনের সিদ্ধান্ত দেবেন না। গত ৯ আগস্ট তাঁর ছেলে আইনজীবী আহম্মেদ বিন কাসেমকে মিরপুরের বাসা থেকে ধরে নিয়ে যান ডিবি পরিচয় দেওয়া লোকেরা। এরপর থেকে তাঁর কোনো খোঁজ নেই। গতকাল আয়েশা খাতুন বিবিসি বাংলাকে বলেন, ‘ছেলেকে হাজির করা হোক, এটা চাই। তাঁর (মীর কাসেম আলী) ইচ্ছা জানাজায় যেন ছেলে থাকে।’
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর তত্ত্বাবধায়ক (জেল সুপার) প্রশান্ত কুমার বণিক গতকাল প্রথম আলোকে বলেন, গত বুধবার রাতে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন কাশিমপুর কারাগার পরিদর্শন করেন। এ সময় তিনি মীর কাসেম আলীকে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনের বিষয়ে বৃহস্পতিবার সময়সীমা নির্ধারণ করে জানিয়েছিলেন, প্রাণভিক্ষার ব্যাপারে তাঁকে যৌক্তিক সময় দেওয়া হবে। এ মোতাবেক তিনিসহ (প্রশান্ত কুমার) কয়েকজন কর্মকর্তা গতকাল বেলা ১১টার দিকে মীর কাসেমের সঙ্গে
সাক্ষাৎ করেন। তাঁরা প্রাণভিক্ষার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত জানতে চান। এ সময় প্রাণভিক্ষার সিদ্ধান্তের ব্যাপারে মীর কাসেম আলী আরেকটু সময় চান এবং ভেবেচিন্তে জানাবেন বলে জানান।
কারা কর্মকর্তারা জানিয়েছেন, প্রাণভিক্ষার আবেদন না করলে ফাঁসির রায় কার্যকরের ব্যাপারে সব প্রস্তুতি তাঁদের রয়েছে।
এদিকে কারাগারের নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি প্রস্তুতি। কারা ফটকে অতিরিক্ত কারারক্ষী মোতায়েন ছাড়াও ফটকের সামনে বিপুলসংখ্যক পুলিশ এবং সাদাপোশাকে গোয়েন্দা মোতায়েন করা হয়েছে। গতকাল সকালে কাশিমপুর কারাগারের মূল ফটকের একটু সামনে জেলা পুলিশ একটি নিরাপত্তাচৌকি বসিয়েছে।
গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, কাশিমপুর কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীসহ যুদ্ধাপরাধী, ফাঁসির দণ্ড পাওয়া দুর্ধর্ষ আসামিরাও আছেন। কারাগারের নিরাপত্তা ও সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তাচৌকি বসানো হয়েছে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম দেশের সর্বোচ্চ আদালতে রায় পুনর্বিবেচনার আবেদন করেছিলেন। গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই আবেদন খারিজ করে দিলে মীর কাসেমের বিচার-প্রক্রিয়া শেষ হয়।
নিয়ম অনুযায়ী এখন মীর কাসেম রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারবেন। প্রাণভিক্ষার আবেদন না করলে অথবা তা নাকচ হলে যেকোনো সময় তাঁর ফাঁসি কার্যকর হতে পারে।