প্রাণভিক্ষার সুযোগ আছে: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনমন্ত্রী শফিক আহমেদ
আইনমন্ত্রী শফিক আহমেদ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবদুল কাদের মোল্লার ফাঁসির রায়ের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী শফিক আহমেদ জানিয়েছেন, আইনে রিভিউয়ের কোনো সুযোগ নেই। এখন কেবল রাষ্ট্রপতির কাছে দোষ স্বীকার করে প্রাণভিক্ষার সুযোগ আছে।
কাদের মোল্লার ফাঁসির রায়ের প্রতিক্রিয়ায় আজ মঙ্গলবার সচিবালয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় সুবিচার নিশ্চিত করতে এই রায় একটি মাইলফলক হয়ে থাকবে। রায়ে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে।
শফিক আহমেদ বলেন, ‘সবকিছু বিচার-বিশ্লেষণ করে আপিল বিভাগ এ রায় দিয়েছেন। কাজেই আমার মনে হয়, এই রায়ের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন করার অবকাশ নেই।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মতো শফিক আহমেদও বলেন, ‘এই বিচার হয়েছে একটি বিশেষ আইনে। এ আইনে রিভিউ করার সুযোগ নেই। তাই এই রায়ের বিরুদ্ধে রিভিউ করা যাবে না। এখন একটাই সুযোগ আছে, রাষ্ট্রপতির কাছে দোষ স্বীকার করে প্রাণভিক্ষা করা। তবে পৃথিবীর কোনো দেশে এ ধরনের মার্জনার সুযোগ আছে বলে আমার মনে হয় না।’
কত দিনে রায় কার্যকর করা হবে—সাংবাদিকদের এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট সময় নেই। তবে সাধারণত দ্রুতই হয়।
দণ্ড কার্যকর করার বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী জানান, কারা কর্তৃপক্ষ এখন দণ্ড কার্যকরের ব্যবস্থা নেবে।
একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এটিই মুক্তিযুদ্ধের সময় মানবতার বিরুদ্ধে অপরাধের দণ্ডের বিরুদ্ধে আপিলের প্রথম রায়।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আপিলের চূড়ান্ত শুনানি শেষে আজ মঙ্গলবার এ রায় দেন। বেঞ্চের বিচারপতিরা হলেন সুরেন্দ্র কুমার সিনহা, মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, সৈয়দ মাহমুদ হোসেন ও এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে (৪: ১) সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর ও সাজা থেকে অব্যাহতি চেয়ে কাদের মোল্লার আপিল খারিজ করেছেন আদালত।
ষষ্ঠ অভিযোগে (হযরত আলী, তাঁর পরিবারের সদস্যদের হত্যা ও ধর্ষণ) সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে কাদের মোল্লার ফাঁসির আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ২০(২) ধারা অনুসারে কাদের মোল্লাকে ষষ্ঠ অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
কাদের মোল্লার বিরুদ্ধে আনা ১, ২, ৩ ও ৫ নম্বর অভিযোগের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এ ছাড়া ৪ নম্বর অভিযোগে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ অভিযোগটি থেকে তাঁকে খালাস দিয়েছিলেন ট্রাইব্যুনাল-২।
মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। এ রায়ের পর তাঁর সর্বোচ্চ শাস্তির দাবিতে তরুণ সমাজের ডাকে শাহবাগে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ। পরে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের সমান সুযোগ রেখে ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) সংশোধন বিল, ২০১৩ জাতীয় সংসদে পাস হয়। আগে আইনে সরকারের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ ছিল না। গত ৩ মার্চ সর্বোচ্চ শাস্তি চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। আর সাজা থেকে অব্যাহতি চেয়ে পরদিন আপিল করেন কাদের মোল্লা। গত ১ এপ্রিল থেকে শুনানি শুরু হয়।
আসামি ও সরকার—উভয় পক্ষের দুটি আপিলের ওপর ৩৯ কার্যদিবস শুনানি শেষে ২৩ জুলাই আপিল বিভাগ রায় অপেক্ষমাণ (সিএভি) রাখেন। শুনানি শেষ হওয়ার ৫৪ দিনের মাথায় আজ চূড়ান্ত রায় ঘোষিত হলো।