প্রাণভয়ে এলাকাছাড়া পাঁচটি হিন্দু পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই পৌর এলাকার গোপনগরে হিন্দু ধর্মাবলম্বী পাঁচটি পরিবারের জমি দখল করে নিয়েছে একটি প্রভাবশালী চক্র। প্রাণভয়ে এসব পরিবার এলাকা থেকে চলে গেলেও তাঁদের হুমকি ও হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।ধামরাইয়ে সড়ক ও জনপথ বিভাগের ডাকবাংলোতে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, পৈত্রিক সূত্রে ধামরাই মৌজার চারটি দাগের ১৩৪ শতাংশ জমির মালিক গোপনগরের বিমল ঘোষ, প্রতীক ঘোষ, সুদেব ঘোষ, জয়ন্ত ঘোষ ও পাকন্ত ঘোষের পরিবার। ধামরাইয়ের আশুলিয়া গ্রামের বোরহান উদ্দিন কৌশলে বিমল ঘোষের কাকাত ভাই সঞ্চয়ের ২৫ শতাংশ জমি সাব কবলা করে নেন। এরপর নানা ভয়ভীতি দেখিয়ে তাঁদের এলাকা থেকে বিতাড়িত করে পুরো ১৩৪ শতাংশ জমি দখল করে নেন। এরপর থেকে বোরহান উদ্দিন জাল কাগজপত্র বানিয়ে তা ভোগদখল করে আসছেন।সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জমি দখলের পর থেকে তাঁরা প্রাণভয়ে এলাকা ছেড়ে অন্যত্র বসবাস করছেন। সম্প্রতি স্থানীয় কিছু লোকজন তাঁদের সহায়তার আশ্বাস দিলে তাঁরা ওই জমি পুনরুদ্ধারের চেষ্টা চালান। এতে ক্ষিপ্ত হয়ে বোরহান উদ্দিন ও তাঁর লোকজন তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলাসহ নানাভাবে হয়রানি করছেন। এমনকি তাঁদের হত্যার হুমকিও দেওয়া হচ্ছে। বোরহান উদ্দিনের ছেলে মুজাহিদুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, মালিকদের কাছ থেকে ক্রয় করে দীর্ঘদিন ধরে তা ভোগ দখল করে আসছেন।