প্রাণসায়ের খালের প্রাণ যায় যায়
সাতক্ষীরায় প্রাণসায়ের খাল ময়লা-আবর্জনায় আবারও ভরাট হয়ে যাচ্ছে। দুর্গন্ধে এর পাশ দিয়ে চলা কঠিন হয়ে পড়েছে। খালপাড়ের বাসিন্দাদের অভিযোগ, বছর খানেক আগে নামমাত্র খনন করায় এত তাড়াতাড়ি খালটির এ অবস্থা হয়েছে।
জেলা তথ্য বাতায়ন ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, শহরের সঙ্গে নদীপথে যোগাযোগ ও সৌন্দর্য বাড়াতে সাতক্ষীরার জমিদার বিষ্ণু রাম চক্রবর্তী ১৭০০ সালের শেষ দিকে খালটি খনন করেন। প্রায় ১৩ কিলোমিটার দৈর্ঘ্যের এ খাল উত্তর পাশে বেতনা নদী ও দক্ষিণ দিকে মরিচ্চাপ নদের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। জোয়ার-ভাটা নিয়ন্ত্রণের লক্ষ্যে গত আশির দশকে খালটির দক্ষিণ প্রান্তে এল্লারচর ও উত্তর প্রান্তে খেজুরডাঙ্গায় দুটি জলকপাট (স্লুইসগেট) নির্মাণ করা হয়। এরপর থেকে খালটি প্রায় মরে যায়।
খালপাড়ের বাসিন্দা অলোক ব্যানার্জি বলেন, বদ্ধ খালে শহরের ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। বিশেষ করে বড় বাজার এলাকার জীবজন্তুর বর্জ্য ও ময়লা ফেলা হচ্ছে। এর ফলে দুর্গন্ধে এলাকায় বসবাস করা কঠিন হয়ে পড়েছে।
জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আলী নূর খান বলেন, গত বছর পানি না শুকিয়ে খননযন্ত্র দিয়ে নামমাত্র খাল কাটা হয়েছিল। প্রাক্কলনে যেভাবে কাটার কথা, তার ২০ শতাংশও কাটা হয়নি।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বিভাগ-১-এর কার্যালয় সূত্র জানায়, জলবায়ু ট্রাস্ট তহবিলের আওতায় ‘জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার পুনর্বাসন প্রকল্প’ হাতে নেওয়া হয়। এর আওতায় ভরাট হয়ে যাওয়া প্রাণসায়ের খালের কদমতলা থেকে এল্লারচর পর্যন্ত ১০ কিলোমিটার পুনঃখননের জন্য ২০১২ সালের ২৮ জুন দরপত্র আহ্বান করা হয়। ঢাকার আর কে মিশন রোডের মেসার্স নিয়াজ ট্রেডার্স ৯২ লাখ ৫৫ হাজার টাকায় কাজটি পায়। ২০১২ সালের ২০ সেপ্টেম্বর এর কার্যাদেশ দেওয়া হয়। ২০১৩ সালের ৩০ এপ্রিল কাজ শেষ হওয়ার কথা ছিল। খননের পর খালের তলা ৩০ থেকে ৫৫ ফুট, ওপরে৬০ থেকে ৮০ ফুট ও গভীরতা দেড় থেকে সাড়ে চার ফুট হওয়ার কথা। কিন্তু তা হয়নি।
বাসদের জেলা শাখার সাবেক সমন্বয়ক আজাদ হোসেন ও জেলা নাগরিক কমিটির সদস্য হাইমুল হক বলেন, অনেক স্থানে খালের জায়গা ভরাট করে ব্যবসাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয় করা হয়েছে। খালের ২০ শতাংশ কাটা না হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৪৫ শতাংশের বিল পরিশোধ করা হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান ঢাকার আর কে মিশন রোডের মেসার্স নিয়াজ ট্রেডার্সের পক্ষে খাল খননের কাজ তদারক করেন সাতক্ষীরা শহরের আবদুল হক। তিনি বলেন, কাজ দেখে নেওয়ার দায়িত্ব পাউবো কর্তৃপক্ষের। তাদের বুঝিয়ে দেওয়া না হলে বিল দেবে কেন।
পাউবো বিভাগ-১-এর উপবিভাগীয় প্রকৌশলী এস এম আহসান হাবিব বলেন, খালের ৭৫ শতাংশ কাটা হলেও ৪৫ শতাংশের কাজের জন্য ৪২ লাখ ৭১ হাজার টাকা বিল পরিশোধ করা হয়েছে। ২০১৩ সালের এপ্রিল পর্যন্ত এ প্রকল্পের মেয়াদ থাকলেও পরে তা বাড়িয়ে ২০১৫ সালের জুন পর্যন্ত করা হয়েছিল। ২০১৪ সালের পর নাগরিক আন্দোলন ও মামলার কারণে কাজ করা যায়নি। ফলে খাল আবার ভরাট হয়ে গেছে।