কক্সবাজার পৌরসভার দুটি সরকারি পাহাড় থেকে গতকাল রোববার অতিঝুঁকিপূর্ণ ৩০টি বসতবাড়ি উচ্ছেদ করেছে জেলা প্রশাসনের নেতৃত্বাধীন যৌথ বাহিনী। শহরের অন্তত ১২টি পাহাড়ে এ রকম ঝুঁকিপূর্ণ বসতবাড়ি আছে আরও তিন হাজার। পাহাড়ধসে প্রাণহানি ঠেকাতে এসব বসতবাড়িও উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
ঝুঁকিপূর্ণ বসতবাড়ি সরিয়ে নিতে চার দিন আগে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছিল। নোটিশ পাঠানো হয়েছিল বসবাসকারী পরিবারগুলোকে। এরপরও কোনো বসতি সরিয়ে না নেওয়ায় গতকাল থেকে এ অভিযানে নেমেছে প্রশাসন।
কক্সবাজার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েস ও এ কে এম লুৎফর রহমানের নেতৃত্বে পৃথক দুটি দল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বৈদ্যঘোনা পাহাড়ে উচ্ছেদ অভিযান শুরু করে। অভিযানে অংশ নেন ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর, পুলিশ ও র্যাবের সদস্যরা।
গতকাল বিকেল পর্যন্ত যৌথ বাহিনী বৈদ্যঘোনা ও খাজা মঞ্জিল পাহাড় থেকে অতিঝুঁকিপূর্ণ ৩০টি বসতবাড়ি উচ্ছেদ করে। উচ্ছেদের সময় পরিবারগুলো আপত্তি করলেও প্রশাসনের কর্মকর্তারা শোনেননি।
অভিযানের নেতৃত্বদানকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েস বলেন, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বৈদ্যঘোনা এলাকার চারটি পাহাড়ে প্রায় ৩০০টি ঝুঁকিপূর্ণ বসতি আছে। এর মধ্যে অতিঝুঁকিপূর্ণ বসতির সংখ্যা প্রায় ৪০টি। গতকাল ওই এলাকার বিবি হাজেরা নামের একটি পাহাড় থেকে ১৫টি এবং খাজা মঞ্জিল পাহাড় থেকে আরও ১৫টি অতিঝুঁকিপূর্ণ বাড়ি উচ্ছেদ করা হয়েছে। অবশিষ্ট বসতবাড়িও দ্রুত উচ্ছেদ করা হবে। সরকারি পাহাড় থেকে অবৈধ বসতবাড়ি উচ্ছেদেও এ অভিযান চলমান থাকবে।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কার্যালয় সূত্র জানায়, গত কয়েক দিনের ভারী বর্ষণের ফলে শহরের বৈদ্যঘোনা, আদর্শগ্রাম, সৈকতপাড়া, লাইটহাউস, জেলা কারাগারের সামনের পাহাড়, লারপাড়া, পাহাড়তলী, ঘোনারপাড়ার একাধিক পাহাড় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বেশ কয়েকটি পাহাড়ে ধসের ঘটনাও ঘটেছে। এ কারণে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পৌরসভায় বিভিন্ন এলাকায় ১৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, শহরের ছোট-বড় ১২টি পাহাড়ে অবৈধ তৈরি বসতি আছে প্রায় ১৫ হাজার। এর মধ্যে অতিঝুঁকিপূর্ণ বসতবাড়ি আছে অন্তত তিন হাজার। এসব বাড়িতে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে ২০ হাজারের মতো মানুষ।
বিবি হাজেরা পাহাড় থেকে গতকাল উচ্ছেদ করা হয়েছে মো. ইউনুসের একটি বাড়ি। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, দেড় বছর আগে তিনি ৭০ হাজার টাকায় এই পাহাড়ে জমি কিনে তাতে বসতবাড়ি তৈরি করেছেন। এর আগে বাড়িটি উচ্ছেদের জন্য প্রশাসন নোটিশ দিয়েছিল। কিন্তু স্ত্রী-ছেলেমেয়েদের নিয়ে কোথাও যাওয়ার জায়গা নেই বলে এই বাড়িতেই থাকছিলেন। এই বৃষ্টিতে আশ্রয়কেন্দ্রে থাকারও পরিবেশও নেই।
এ ব্যাপারে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আবদুর রহমান বলেন, পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী লোকজনকে উচ্ছেদের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। এসব ঝুঁকিপূর্ণ বসতির লোকজনের জীবনের নিরাপত্তার কথা ভেবেই প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে।