সাম্প্রতিক আন্দোলনে প্রাণহানির ঘটনাকে গণহত্যা বলে অভিহিত করেছেন বিএনপির নেতা আ স ম হান্নান শাহ। তিনি বলেন, এসব হত্যার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। জনগণের এখনকার প্রধান দাবি, সরকারকে পদত্যাগ করতে হবে।দুষ্কৃতকারীদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত জেলা বিএনপির কার্যালয় পরিদর্শনে এসে গতকাল শুক্রবার সাংবাদিকদের উদ্দেশে হান্নান শাহ এসব কথা বলেন। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এম এ মান্নান, গাজীপুর জেলা বিএনপির নেতা আফজাল হোসেন, গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, আহমদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।হান্নান শাহ বলেন, বিএনপি আলাপ-আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান চায়। এ জন্য সর্বপ্রথম নিরপেক্ষ-নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কায়েম করতে হবে। এর আগে হান্নান শাহ গাজীপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে পৌঁছানোর পরপরই তাঁর গাড়ির অদূরে কে বা কারা একটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হান্নান শাহ বলেন, ‘এ ঘটনায় আমি ভয় পাই না।’