প্রাণহানির প্রতিবাদে মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের হাসারা পুলিশ ফাঁড়ির সামনে ঢাকা-মাওয়া সড়কে আজ প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর ক্ষতিগ্রস্ত বাস। ছবি: হাসান রাজা
মুন্সিগঞ্জের হাসারা পুলিশ ফাঁড়ির সামনে ঢাকা-মাওয়া সড়কে আজ প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর ক্ষতিগ্রস্ত বাস। ছবি: হাসান রাজা

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির প্রতিবাদে আজ বুধবার দুটি স্থানে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা।

প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও হাইওয়ে পুলিশ জানায়, উপজেলার হাসারা বাজার মোড়ে ঢাকা-মাওয়া মহাসড়কে আজ সকাল আটটার দিকে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়।
নিহত ব্যক্তিরা হলেন প্রাইভেট কারের চালক ইব্রাহীম (২৭) ও যাত্রী আবুল কালাম আজাদ (৫৩)। ইব্রাহীমের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জের সাত হাজেরাবিঘা এলাকায় আর আবুল কালাম আজাদ নাটোর সিংড়া উপজেলার কালীনগর এলাকার বাসিন্দা।

আহত লোকজনের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন হাসারা বাজার মোড় অবরোধ করেন। তাঁরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। এতে হাসারা বাজার থেকে ঢাকার দিকে প্রায় এক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটার দিকে হা-মিম পরিবহনের একটি বাস মাওয়াগামী একটি প্রাইভেট কারকে সামনের দিক থেকে ধাক্কা দেয়। এতে বাসটি পাশের খাদে পড়ে যায়। প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়।

হাসারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. মনির জানান, লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রাইভেট কারটি থানায় নিয়ে আসা হয়েছে। তবে বাসটি এখনও রাস্তার পাশে খাদে পড়ে আছে।

এদিকে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বেজগাঁও চৌরাস্তায় ঢাকা-মাওয়া মহাসড়কে বাসচাপায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও তাঁর স্ত্রী নিহত হন। এ ঘটনার প্রতিবাদে গতকাল রাতে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। আজ সকালে তাঁরা নতুন করে অবরোধ শুরু করেন। অবরোধকারীরা দুপুর পৌনে ১২টার দিকে মেঘনা পরিবহনের একটি বাসে আগুন দেন।