চট্টগ্রাম-১২ উপনির্বাচন: জালালের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় এখন এই আসনে নির্বাচন জমে উঠবে বলে আশা করছেন ভোটাররা
প্রাণহীন নির্বাচনে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য
বিএনপির নেতা জালাল উদ্দিন আহমদের মনোনয়নপত্র উচ্চ আদালত গতকাল সোমবার বৈধ বলে রায় দিয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১২ (আনোয়ারা-পশ্চিম পটিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কারণ, বিএনপি উপনির্বাচনে কোনো প্রার্থী দেয়নি। সূত্র জানায়, জালালের মনোনয়নপত্র বৈধ ঘোষণার আগে এই আসনের উপনির্বাচন অনেকটা প্রাণহীন হয়েছিল। ভোটারদের মধ্যে কোনো আগ্রহ ছিল না। এখন এই আসনে নির্বাচন জমে উঠবে বলে আশা করছেন ভোটাররা। উপনির্বাচনে অন্য প্রার্থীরা হলেন আওয়ামী লীগের সাইফুজ্জামান চৌধুরী এবং গণফোরামের উজ্জ্বল ভৌমিক। গত ৪ নভেম্বর সাংসদ আখতারুজ্জামান চৌধুরী মারা গেলে আসনটি শূন্য হয়। আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান তাঁরই বড় ছেলে। ১৭ জানুয়ারি এ আসনে নির্বাচন হওয়ার কথা।গতকাল আদালতের রায় পাওয়ার পর বিএনপির নেতা জালাল নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। আজ মঙ্গলবার থেকে তিনি প্রচারণায় নামবেন বলে জানা গেছে। জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সময় খুব কম। কাল (আজ মঙ্গলবার) এলাকায় যাব। আমি এখনো প্রতীক বরাদ্দ পাইনি। কাল আদালতের নির্দেশের সত্যায়িত কপি জমা দেব। তারপর প্রতীক বরাদ্দের আবেদন করব। আমি আনারস প্রতীক চাইব।’রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ আহম্মদ খান বলেন, ‘ওনার মনোনয়নপত্র বৈধ ঘোষণার কথা শুনেছি। এখন কপি পেলে আমরা নিয়মতান্ত্রিকভাবে ব্যবস্থা নেব।’ এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না জানতে চাইলে ফরহাদ আহম্মদ বলেন, ‘বিষয়টা কমিশন সিদ্ধান্ত নেবে।’জালালের মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবর ছড়িয়ে পড়লে স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির (জাপা) সদস্যসচিব তপন চক্রবর্তী তাঁর মনোনয়নপত্র অবৈধ ঘোষণার বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করবেন বলে জানিয়েছেন।গতকাল সরেজমিনে দেখা গেছে, জালালের মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর বিষয়টি নিয়ে নির্বাচনী এলাকায় চলছে আলোচনা। দু-এক দিনের মধ্যে নির্বাচনী প্রচারণা জমে উঠবে বলে ভোটাররা আশা করছেন। তৈলারদ্বীপ সরকারের হাটের চায়ের দোকানদার মো. সোলাইমান বলেন, ‘এহনও পর্যন্ত এক ঠেয়ারও ভোটর চা বেচিত ন পারি, আশা গরি এহন পাইরয্যুম (নির্বাচন এলেও এখনো এক টাকারও নির্বাচনী চা বিক্রি হয়নি, আশা করছি এখন পারব)।গত ২৩ ডিসেম্বর বাছাইয়ের সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি জালাল উদ্দিন আহমদসহ চার স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। পরে জালাল হাইকোর্টে রিট করেন।